
পূর্বাশা ডেস্ক:
ডাম্বুলা থেকে প্রতিনিধি : সবজি বোঝাই বিশাল বিশাল সব ট্রাক ঢুকতে আর বেরোতে দেখে ঢাকার কারো আচমকা মনে হতেই পারে, ‘আরে, কারওয়ানবাজার চলে এলাম না তো!’ আসলে ছোট্ট পরিপাটি শহর ডাম্বুলা ভৌগোলিক অবস্থানগত দিক থেকে শ্রীলঙ্কার ঠিক মাঝামাঝি। তাই আশপাশের সব শহরে সবজির চালানটা যায় এখান থেকেই। সে জন্যই প্রাচীন নগরীর কোলে জায়গা করে নিয়েছে বিশাল সবজির আড়তও। সদা ব্যস্ত সেই আড়ত থেকে মাত্র দেড় কিলোমিটার দূরেই দাঁড়িয়ে এই শহরে প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন ‘ডাম্বুলা কেভ টেম্পল’ বা ডাম্বুলা গুহা মন্দির। বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়ে যাওয়া এ মন্দিরটি ‘গোল্ডেন টেম্পল অব ডাম্বুলা’ নামেও কম পরিচিত নয়। অবশ্য ঐতিহ্যের শহরে পর্যটক টেনে আনা পুরাকীর্তিরও অভাব নেই কোনো। আরেক বিশ্ব ঐতিহ্য ‘সিগিরিয়া লায়ন রক’ও ডাম্বুলা থেকে মাত্র আধঘণ্টার দূরত্বে। আশপাশের কয়েকটি ন্যাশনাল পার্কেও এখান থেকে যেতে ঘণ্টাখানেকের বেশি লাগে না।
যেগুলো আবার বন্য হাতির অভয়ারণ্যও। একদিকে প্রাচীন সভ্যতা, আরেক দিকে ওয়াইল্ড লাইফ। দুয়েমিলে হাজারে হাজারে পর্যটক টানার পক্ষে যথেষ্ট এক শহর। এই শহর টেনে এনেছিল কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকেও। তাঁর লেখা ‘রাবণের দেশে আমি এবং আমরা’ নামের বইতে এই শহর ভ্রমণের অভিজ্ঞতাও ছিল অনেকটা জুড়ে। সে তো অনেক আগের কথা। এখনো এখানে যথারীতি পর্যটকদের ভিড় লেগেই আছে। সেই ভিড়ে অবশ্য ক্রিকেট অনুরাগী খুঁজে পাওয়া মুশকিল। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা একাধিক পর্যটকের সঙ্গে আলাপে ‘ক্রিকেট’ বলে কিছু তাঁরা কখনো শুনেছেন বলে মনে হলো না। তা মনে না হোক, শহরের প্রাণকেন্দ্র থেকে মাত্র তিন কিলোমিটার দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামও। যেটি তৈরি হওয়ার গল্পটা টি-টোয়েন্টি নামের ঝটিকা ক্রিকেটের সঙ্গে খুব যায়। তা নয়তো কী! এই স্টেডিয়াম দাঁড়িয়ে যেতে যে সময় লেগেছিল মোটে ১৬৭ দিন!
বাংলাদেশে বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়াম তৈরি হতে লেগেছিল ৯ মাস। এ কাছাকাছি সময়ে তৈরি হয়েছিল শ্রীলঙ্কার হাম্বানতোতায় মাহিন্দা রাজাপক্ষে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামও। নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাতারাতি স্টেডিয়ামে গড়ে তোলায় ক্ষমতাবানদের আশীর্বাদ লাগে। ২০০০ সালে এই ডাম্বুলায়ও মন্দিরের জমি ইজারা নিয়ে স্টেডিয়াম বানানোর ক্ষেত্রে মূল ভূমিকা রেখেছিলেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) তখনকার সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা। যুক্তিটা ছিল এই যে শ্রীলঙ্কার অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে বৃষ্টিপাত হয় কম।
মাঠের একপাশেই দাঁড়িয়ে বিখ্যাত সেই পাথুরে পাহাড় রঙ্গিরি ডাম্বুলা, যেটির নামে স্টেডিয়ামের নামকরণ। আরেক পাশে ইম্বানকাতুওয়া নামের প্রাকৃতিক জলাধার। এর মাঝখানেই তিন দিক খোলা স্টেডিয়ামটিও পুরো এলাকার সৌন্দর্যের সঙ্গে বেমানান নয় একটুও। প্রাচীন সভ্যতার এই শহর অবশ্য ইদানীং ক্রিকেটানন্দে মেতে ওঠার ক্ষেত্রে লম্বা বিরতি দিচ্ছে না খুব। গত আগস্টেই রঙ্গিরি ডাম্বুলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ খেলেছে স্বাগতিকরা। যার প্রথমটি খেলে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিলকরত্নে দিলশান। সেই থেকে আরো পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে চলে যাওয়া শ্রীলঙ্কা এবার তরুণদের নিয়েই মাতাতে চাইবে প্রাচীন সভ্যতার শহর। তবে এখানে নির্ধারিত সিরিজের প্রথম দুই ওয়ানডেতে সেটি ভুল করে দেওয়ার চেষ্টাও কম থাকবে না মাশরাফি বিন মর্তুজাদের!
























































