
পূর্বাশা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ দুর্নীতি মামলার আদালত পরিবর্তনের নথিটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। আগামী ৩০ মার্চ আদালতে খালেদার আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য রয়েছে।
আজ ২৭ মার্চ সোমবার ঢাকার ৩নং বিশেষ জজ আদালত থেকে মামলার নথি মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালতের পেশকার নুরুল আলম বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতির মামলার নথিটি সোমবার এ আদালতে পাঠানো হয়েছে। মামলাটি রিসিভ করা হয়েছে।’
এর আগে গত ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালতের প্রতি অনাস্থা জানিয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। রাজধানীর বকশীবাজারে অবস্থিত আবু আহমেদ জমাদারের বিশেষ আদালতে বিচারাধীন ছিল মামলাটি। গত ৮ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আদালত পরিবর্তনে নির্দেশ দেয় হাইকোর্ট।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১০ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক হারুন-অর-রশিদ তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এরপর এই মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক।
মামলার অপর আসামিরা হলেন – খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, তার তৎকালীন সহকারী একান্ত সচিব ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
পূর্বাশা/রুবেল মজুমদার

























































