
স্টাফ রিপোর্টার:
গত ১৫ ফেব্রুয়ারি কেএম নুরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণের পর সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ ভোট হচ্ছে আজ কুমিল্লায়। ‘নৌকা’ আর ‘ধানের শীষ’ প্রতীকে অনেকটা ‘জাতীয়’ নির্বাচনের আবহে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সিটি করপোরেশনের নির্বাচন। সবার দৃষ্টি এখন কুমিল্লায়। নারায়ণগঞ্জের মতো কুমিল্লায় আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা চমক সৃষ্টি করবেন নাকি ফের বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু মেয়র পদে নির্বাচিত হবেন— তা দেখার অপেক্ষায় গোটা দেশবাসী।
ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ ইত্তেফাককে জানিয়েছেন, সুষ্ঠু ভোটের ব্যাপারে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনিয়ম বা কারচুপির চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না।
সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে মেয়র পদে ৪ জন, ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১১৪ জন এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট দুই লাখ সাত হাজার ৫৬৬ জন ভোটার ভোটারাধিকার প্রয়োগ করবেন এ নির্বাচনে। ১০৩টি ভোটকেন্দ্রে ৬২৮টি ভোট কক্ষ প্রস্তুত করা হয়েছে। ইসির বিবেচনায় কুমিল্লা সিটির ১০৩টি ভোটকেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ। এজন্য নির্বাচন উপলক্ষে পুরো সিটি এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে র্যাব-পুলিশ-আনসার মোতায়েন করা হয়েছে। এর বাইরে মোতায়েন করা হয়েছে ২৬ প্লাটুন বিজিবি সদস্যও।
নির্বাচন ঘিরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে শঙ্কা থাকলেও উত্সবের আমেজ বিরাজ করছে আওয়ামী লীগে। ভোটারদের মধ্যে রয়েছে উদ্বেগ-উত্কণ্ঠা। ভোটাররা বলছেন, ভোট দিতে পারা না পারার আনন্দ ও শঙ্কায় রয়েছেন তারা। তবে দলীয় মনোনয়ন ও প্রতীকের জোটবদ্ধ এ নির্বাচনে শেষ হাসি কে হাসবেন ‘সীমা না সাক্কু’ এ নিয়ে শেষ মুহূর্তে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। জয়ের ব্যাপারে আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থীই আশাবাদী। প্রধান দুই মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা নৌকায় ভোট দিয়ে পরিবর্তনের সূচনা করতে ভোটারদের সহযোগিতা চেয়েছেন। অপর দিকে, বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু ধানের শীষে ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। নির্বাচন ঘিরে ভোটের অঙ্ক বেশ জটিল হয়ে পড়েছে। সরেজমিন স্থানীয় রাজনৈতিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলাপ করে মিলেছে এমন চিত্র। সাধারণ ভোটারদের মতে, মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি উভয় প্রার্থীর প্রচার-প্রচারণা ছিল প্রায় সমানে-সমান। তবে এবারের ভোটের অঙ্কের হিসাব শুধু একজন মেয়র নির্বাচিত করা নয়— এর ফল স্থানীয় রাজনীতির মানচিত্রেও বড় পরিবর্তন এনে দিতে পারে।
দলীয়ভাবে ও দলীয় প্রতীকে কুমিল্লা সিটির প্রথম ভোট হচ্ছে। বর্তমান ইসির অধীন প্রথম বড় এই নির্বাচনকে অগ্নিপরীক্ষা বলে ইতিমধ্যে আখ্যা দিয়েছে বিএনপি। আর আওয়ামী লীগ বলছে অগ্নিপরীক্ষা নয়, কুমিল্লা সিটি নির্বাচন ইসির জন্য কঠিন পরীক্ষা।
ভোটকেন্দ্রে ব্যালট বাক্স
কুমিল্লা টাউন হলের অস্থায়ী কার্যালয় থেকে সিটি করপোরেশন এলাকার বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট বাক্স পাঠানো হয়েছে। কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কুসিক নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল জানান, গতকাল বুধবার সকাল থেকে ব্যালট ও স্বচ্ছ বাক্সসহ নির্বাচনের আনুষঙ্গিক যাবতীয় সরঞ্জামাদি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালি, সিল, প্যাডসহ অন্যান্য উপকরণ পুলিশের পাহারায় ১০৩টি কেন্দ্রে পাঠানো হয়েছে।
লড়ছেন ১৫৮ প্রার্থী
নির্বাচনে মেয়র পদে কাগজে-কলমে চারজন প্রার্থী। বিএনপি মনোনীত ও ২০ দলের সমর্থিত সদ্য বিদায়ী মেয়র মো. মনিরুল হক সাক্কু লড়ছেন ‘ধানের শীষ’ প্রতীকে এবং তার মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দলের সমর্থিত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা লড়ছেন ‘নৌকা’ প্রতীকে। মেয়র পদে আরো দুই প্রার্থী হলেন- জেএসডি মনোনীত শিরিন আক্তার (তারা) ও স্বতন্ত্র প্রার্থী মেজর মামুনুর রশীদ (টেবিল ঘড়ি)। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১১৪ ও সংরক্ষিত সদস্য পদে ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবমিলিয়ে প্রার্থী সংখ্যা ১৫৮ জন।
নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা
নগরীর ছোটরা এলাকায় অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নগরীর ২৭টি ওয়ার্ডে প্রায় সাড়ে ৫ হাজার র্যাব, পুলিশ, বিজিবি, এপিবিএন ও আনসার সদস্য মাঠে থাকবে। ভোটের দুইদিন আগে থেকে নির্বাচনের পরদিন পর্যন্ত ৩৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৯ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ ৪৫ জন ম্যাজিস্ট্রেট আইন-শৃঙ্খলার তদারকি করবেন। এ নির্বাচনকে পুলিশের ২
হাজার ৪৫৬ জন সদস্য, র্যাবের ৩৩৮ জন সদস্য, বিজিবির ২৭ প্লাটুনে ছয়শ জন সদস্য এবং কাউন্টার টেরোরিজম ইউনিটের সাথে প্রশিক্ষিত ব্যাটালিয়ন আনসারের ৫৩০ জন সদস্য ও আনসারের ১৪৪২ জনসহ ১৯৭২ জন সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকার প্রতিটি ভোট কেন্দ্রে ২৪ জন করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ দুইটি করে কেন্দ্রতে র্যাব, পুলিশ, বিজিবি ও প্রশিক্ষিত ব্যাটালিয়ন আনসার ফোর্সের সদস্যদের পৃথক মোবাইল টিম নিয়োজিত থাকবে। এছাড়াও ভোটকেন্দ্রে আসার পথে কোনো ভোটার যেন বাধাগ্রস্ত না হয় তার জন্য র্যাব ও পুলিশের মোবাইল টিম ওয়ার্ডগুলোতে টহলে ব্যবস্থা রাখা হচ্ছে। নির্বাচনী ২৭টি ওয়ার্ডে পুলিশের ২৪ ঘণ্টায় ২৭টি পেট্রোল টিম ডিউটি করছে। একটি টিমে ছয়জন করে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছে। গতকাল দুপুর থেকে নগরীর বিভিন্ন স্থানে র্যাবের ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিটি বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়েছে। কুমিল্লাস্থ র্যাব-১১-এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার বলেন, নির্বাচনে বিজিবি, পুলিশ ও আনসারের সঙ্গে র্যাবের সদস্যরা দায়িত্ব পালন করবেন।
কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, প্রশ্নবিদ্ধ নয়, কুমিল্লায় মডেল নির্বাচন হবে। শঙ্কা দূর করে সুষ্ঠু ভোট অনুষ্ঠানে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম জানান, এ নির্বাচনে ৩৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। এর মধ্যে ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর ২৭টি ওয়ার্ডে আইনশৃংখলা রক্ষার কাজে নিয়োজিত আইনশৃংখলা বাহিনীর সদস্যদেরকে দিক-নির্দেশনা প্রদান করবে। এছাড়াও আরো ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনশৃংখলা পরিস্থিতি একইভাবে তদারকির দায়িত্ব পালন করবে।
এদিকে বুধবার সকাল ১০টার দিকে নগরীর পুলিশ লাইনে জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, দুপুরে নগরীর টাউন হলে র্যাব অধিনায়ক মেজর মোস্তফা কায়জার এবং বিকেলে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আনসার-ভিডিপির উপ-মহাপরিচালক (অপারেশন) দীলিপ কে বিশ্বাস নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে পৃথক প্রেসব্রিফিং করেন। এর আগে ওই তিনটি সংস্থার সংশ্লিষ্ট বাহিনীর নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের নির্বাচনে দায়িত্ব পালনের দিক-নির্দেশনা প্রদান করা হয়। এ সময় পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার-ভিডিপির পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রেসব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলেন, যে কোনো ধরনের অনিয়ম বা বিশৃংখলার ক্ষেত্রে জিরো টলারেন্স দেখানো হবে।
এসএমএসে তাত্ক্ষণিক নিরাপত্তা সহায়তা
পর্যবেক্ষকদের সহায়তায় ভোট গ্রহণ কর্মকর্তারা তাদের কেন্দ্রের উদ্ভূত কোনো সমস্যা তাত্ক্ষণিকভাবে এসএমএসের (মোবাইল ফোনে ক্ষুদে বার্তা) মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারবেন। এছাড়া কেন্দ্রে হামলা কিংবা ব্যালট ছিনতাই কিংবা অপ্রীতিকর যে কোনো ঘটনা ঘটলে ভোটগ্রহণ কর্মকর্তারা এসএমএসে ইসি, রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃংখলা বাহিনীর সহায়তা চাইতে পারবেন ভোট। কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, দুটি পৌরসভা নিয়ে ২০১১ সালের জুলাই মাসে কুমিল্লা সিটি করপোরেশন গঠিত হওয়ার পর দ্বিতীয় ভোট হচ্ছে এবার। ২০১২ সালের ৫ জানুয়ারি প্রথম নির্বাচন নির্দলীয়ভাবে হলেও এবার মেয়র পদে ভোট হচ্ছে দলীয় প্রতীকে।
পূর্বাশানিউজ/৩০-মার্চ,২০১৭/ফারজানা

















































