বুধবার,১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


মাধবপুরে ‘প্রিমা এনার্জি’ বিদ্যুৎকেন্দ্রে আগুন


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক : মাধবপুরের শাহজীবাজারে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রিমা এনার্জিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুনে বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে পাঁচ ছয় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষের আশঙ্কা। এ ঘটনায় প্রাথমিকভাবে নাশকতার কোনো যোগসূত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয়।

প্রিমা এনার্জির সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট ও প্রশাসন আলাউদ্দিন এবং শিফট ইনচার্জ উসমান গনি ভূইয়া ঢাকাটাইমসকে জানান, শনিবার সাপ্তাহিক বন্ধ ছিল। সন্ধ্যার দিকে তারা উৎপাদন কেন্দ্রের ভেতরে কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দের সৃষ্টি হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় ১ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মনিরুজ্জামান ঢাকাটাইমসকে জানান, বিদ্যুতের অতিরিক্ত লোডের কারণে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এদিকে আগুনের ফলে ওই উৎপাদন কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখানে নাশকতার কোনো যোগসূত্র পাওয়া যায়নি। যান্ত্রিক সমস্যার কারণে এ সমস্যা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রুবেল মজুমদার/পূর্বাশা ডেস্ক



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি