শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জঙ্গিবাদ মোকাবেলায় বিশ্বের ঐক্য চান শেখ হাসিনা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা আমাদের গণতান্ত্রিক ঐতিহ্য নিয়ে গর্বিত। আমরা গণতন্ত্রকে শুধু একটি ব্যবস্থা হিসেবে দেখি না, বরং গণতন্ত্রকে মানুষের সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করার বাহন হিসেবে গণ্য করি। আমি মনে করি, একমাত্র গণতন্ত্রই মানুষের মৌলিক অধিকারসমূহ পূরণ করে উন্নত জীবন নিশ্চিত করতে পারে। ’

 শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ব আজ নতুন এক উপদ্রবের মুখোমুখি হয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরীহ মানুষের জীবন কেড়ে নিচ্ছে। মানুষের শান্তি বিনষ্ট করছে। জঙ্গিবাদ আজ কোনো নির্দিষ্ট দেশের সমস্যা নয়, এটি বৈশ্বিক সমস্যা। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এ সমস্যার মোকাবেলা করতে হবে। তা না হলে আমরা আবার অন্ধকার যুগে ফিরে যাব। ’

বিশ্বের পার্লামেন্টারি দুটি সংগঠনের প্রধান হিসেবে দুই বাংলাদেশিকে নির্বাচনের বিষয়টিকে এ দেশের গণতান্ত্রিক চর্চার প্রতি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোর পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন বাংলাদেশের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আর আইপিইউয়ের প্রেসিডেন্ট বাংলাদেশের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। এই দুই পদে বাংলাদেশিদের বেছে নেওয়া এ দেশের গণতন্ত্রের চর্চার প্রতি বিশ্ব সম্প্রদায়ের একটি সনদ।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কার্যকর রাখতে হলে জনগণের আস্থা সংরক্ষণ ও লালন করাই হচ্ছে জনপ্রতিনিধিদের অগ্রাধিকারভিত্তিক নৈতিক দায়িত্ব। একমাত্র গণতন্ত্রই মানুষের মৌলিক অধিকারগুলো পূরণ করে উন্নত জীবন নিশ্চিত করতে পারে। তাই দারিদ্র্য বিমোচন, বিশ্বশান্তি স্থাপন এবং মানবতার কল্যাণে আইপিইউ সম্মেলনে বাস্তবধর্মী সুপারিশমালা প্রণয়ন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্ব জনপ্রতিনিধিদের উষ্ণ অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এই প্রথমবারের মতো আইপিইউয়ের এ ধরনের বৃহৎ আন্তর্জাতিক সম্মেলন ঐতিহাসিক ঢাকা নগরীতে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের জন্য এটি সত্যিই একটি তাত্পর্যময় ঘটনা। আমি আশা করি, বাংলাদেশে আপনাদের অবস্থান আনন্দদায়ক এবং ফলপ্রসূ হবে। ’

দেশের দীর্ঘ গণতান্ত্রিক অভিযাত্রার কথা বিশ্বনেতাদের সামনে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে গণতন্ত্র অর্জনের পথ কখনোই মসৃণ ছিল না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের অধিকার আদায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। অথচ পঁচাত্তরের ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী শক্তি তাঁকে সপরিবারে হত্যা করে। শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে অবস্থান করায় বেঁচে যাওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এরপর গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে শুরু হয় সামরিক ও স্বৈরশাসন। পরে গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যাপারে তাঁর সংগ্রামের কথা তুলে ধরেন শেখ হাসিনা।

বৈশ্বিক জলবায়ুর প্রভাবের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক জলবায়ুর বিরূপ প্রভাব নিয়ে বিভিন্ন ফোরামে আলোচনা চলছে। তবু আমি এই মহৎ সমাবেশের সামনে বিষয়টি আরেকবার উত্থাপন করছি এ কারণে যে এই পরিবর্তনের ফলে আমরাই সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছি। এর নেতিবাচক প্রভাব থেকে পরিত্রাণের জন্য যে সহায়তার প্রতিশ্রুতি বিভিন্ন ফোরামে দেওয়া হয়েছে, সেগুলোর দ্রুত বাস্তবায়ন প্রত্যাশা করছি। ’

সংসদ নেতা বলেন, ‘বাংলাদেশে আমরা একটি দারিদ্র্য ও ক্ষুধামুক্ত, ন্যায়ভিত্তিক, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জাতীয় সংসদ, বিভিন্ন স্তরের স্থানীয় সরকারসহ আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করেছি। ’ তিনি বলেন, বিগত কয়েক বছরে বাংলাদেশের গণমাধ্যম একদিকে যেমন বিকশিত হয়েছে, তেমনি নিশ্চিত করা হয়েছে অবাধ স্বাধীনতা। তথ্য অধিকার আইন প্রণয়ন এবং তথ্য কমিশন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে গতকাল আইপিইউয়ের ১৩৬তম সম্মেলনের পর্দা উঠল। দেশের ইতিহাসে এটাই সবচেয়ে বড় আন্তর্জাতিক আয়োজন। উদ্বোধনের সময় আবহমান বাংলার সংস্কৃতি ও বাঙালির লড়াই-সংগ্রামের ইতিহাস ও উন্নয়নচিত্র তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে আইপিইউ ওয়েভ টিভির উদ্বোধন ও স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন।

সম্মেলনে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার ও ১৩৬তম আইপিইউ অ্যাসেম্বলির সভাপতি ড. শিরীন শারমিন চৌধুরী। সম্মেলন উপলক্ষে দেওয়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাণী পড়ে শোনান জাতিসংঘের সহকারী মহাসচিব মেরেস্লাব ইয়ানকা। অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন আইপিইউয়ের প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী ও সংস্থাটির সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং।

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ সেথা শির’—আইপিইউ সম্মেলন আয়োজনের মাধ্যমে সেটাই প্রমাণিত হয়েছে। সাবের হোসেন চৌধুরী বলেন, ‘সর্ববৃহৎ আয়োজনে অনেক চ্যালেঞ্জ ছিল। কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সক্ষম হয়েছি। বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়, সাফল্য ও উন্নয়নের দেশ। ’

এর আগে সম্মেলনের অংশ হিসেবে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সরকারদলীয় সংসদ সদস্য ডা. দীপু মনিকে আগামী তিন বছরের জন্য আইপিইউয়ের ‘ফোরাম অব উইমেন পার্লামেন্ট’-এর চেয়ারপারসন নির্বাচিত করা হয়।

সন্ধ্যায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে ছিল ৩৫ মিনিটের সংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথমে কোরিওগ্রাফির মাধ্যমে বাঙালির লড়াই-সংগ্রামের সুদীর্ঘ ইতিহাস ও আবহমান বাংলার সংস্কৃতির চিত্র তুলে ধরা হয়। এরপর থ্রিডি ম্যাপিং ও অটো প্রজেকশনের মাধ্যমে তুলে ধরা হয় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনার শাসনামল পর্যন্ত বিভিন্ন উন্নয়ন ও বাংলার ঐতিহাসিক স্থাপনার চিত্র; যেখানে বিশেষ গুরুত্ব দিয়ে দেখানো হয় পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বতার চিত্র।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই ভাষা আন্দোলনের ওপর একটি বেদনাবিধুর সংগ্রামের কোরিওগ্রাফি দেখানো হয়। হঠাৎ ‘রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে নৌকার ওপর বসানো মূল মঞ্চ। এরপর ছিল ভাষাসংগ্রামীদের ওপর নির্মম অত্যাচারের চিত্র। এরপর চলে আসে ঐতিহাসিক রেসকোর্স ময়দানের চিত্র। মাটিতে বসে লক্ষাধিক জনতা। মঞ্চে ভাষণ দিচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ’

অনুষ্ঠানে সংসদীয় দেশগুলোর প্রতিনিধিরা দেখেছেন ১৯৭১ সালের ২৫ মার্চসহ মুক্তিযুদ্ধ চলাকালে নিরীহ বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর চালানো বর্বরতার চিত্র। ভিডিও চিত্রে গণহত্যার একটি দৃশ্য দেখানো হয়। সেখানে ভেসে ওঠে রাস্তার রিকশার ওপর লাশ পড়ে আছে, পথে-ঘাটে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে লাশ। যুদ্ধের ভয়াবহতার এই চিত্র অনেকেরই চোখে অশ্রু ঝরিয়েছে। যুদ্ধ শেষে স্বাধীন বাংলাদেশের ছবিও দেখানো হয়।

এরপর আবহমান বাংলার চিত্র ফুটিয়ে তোলা হয়। সেখানে ফজরের আজানের ধ্বনির পর সকাল শুরু হয়। এ সময় কৃষককে লাঙল-গরু নিয়ে মাঠে ছুটে যেতে দেখা যায়। জেলেরা রাতের অন্ধকারে হারিকেনের আলোয় মাছ ধরছে। এরপর কৃষককে ধান কাটতে ও মাথায় ধানের আঁটি নিয়ে গ্রামের পথ দিয়ে হেঁটে যেতে দেখা যায়। দেখানো হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ, গ্রামের বৈশাখী মেলা, হাডুডু খেলা, ক্রিকেট খেলাসহ বাংলার নানা চিত্র। এরপর সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। এরপর দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ছিল চোখধাঁধানো আলোকসজ্জা।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘রিড্রেসিং ইনইকুয়েলিটিজ : ডেলিভারিং অন ডিগনিটি অ্যান্ড ওয়েল বিয়িং ফর অল (বৈষম্যের প্রতিকার : সবার জন্য মর্যাদা ও কল্যাণ নিশ্চিতকরণ)। সর্বশেষ তথ্য অনুযায়ী ১৩২টি সদস্য দেশ ও ৪২টি সহযোগী সংস্থা সম্মেলনে অংশ নিয়েছে। অংশগ্রহণকারী স্পিকারের সংখ্যা ৫৩ জন, ডেপুটি স্পিকার ৪০ জন। অংশগ্রহণকারী ৮৯৬ জন পার্লমেন্ট সদস্যের মধ্যে ২০৯ জন নারী পার্লামেন্ট সদস্য রয়েছেন। এ ছাড়া সাংবাদিক ও পর্যবেক্ষক রয়েছেন দুই শরও বেশি, যাঁরা ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে বাংলাদেশের ১৭ সদস্যের প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিচ্ছে। প্রতিনিধিদলে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও রয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রওশন এরশাদ, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সরকার ও বিরোধী দলের সংসদ সদস্য, দেশি-বিদেশি কূটনীতিক, সাংবাদিক, সামরিক-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশের বিশিষ্টজনসহ কয়েক সহস্রাধিক অতিথি উপস্থিত ছিলেন।

 রবিবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) কাউন্সিল অধিবেশন শুরু হবে। চলবে ৫ এপ্রিল পর্যন্ত।

দীপু মনি আইপিইউয়ের নারী কমিটির চেয়ারপারসন নির্বাচিত : বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টগুলোতে নারী সদস্যদের গড় অবস্থান ২৩ শতাংশ। একে ৫০ শতাংশে উন্নীত করার জন্য আইপিইউ কাজ করছে। তবে চলমান ধারায় পার্লামেন্টে নারী-পুরুষের সমতা আনতে আরো ৫০ বছর লাগবে। আইপিইউ সম্মেলনের অংশ হিসেবে গতকাল সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। সংসদ সদস্য ডা. দীপু মনির সভাপতিত্বে এতে বক্তব্য দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী, সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং ও বিভিন্ন দেশের নারী পার্লামেন্ট সদস্যরা। এর আগে অনুষ্ঠানে ডা. দীপু মনিকে আগামী তিন বছরের জন্য আইপিইউয়ের ‘ফোরাম অব উইমেন পার্লামেন্ট’-এর চেয়ারপারসন নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের ২০৯ জন নারী পার্লামেন্ট সদস্য অংশ নেন। অনুষ্ঠানে স্পিকার বলেন, সংসদে নারী-পুরুষের সমতা আনতে প্লানেট ৫০-৫০ লক্ষ্যকে সামনে রেখে আইপিইউয়ের নির্দেশনা অনুযায়ী আমরাও কাজ করছি। সংসদে নারীর অংশগ্রহণ বাড়াতে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাবের হোসেন চৌধুরী বলেন, আইপিইউ বিশ্বব্যাপী নারীবৈষম্য নিরসনে কাজ করছে। নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে আইপিইউ ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এ জন্য সদস্য দেশগুলোর পার্লামেন্টের সঙ্গে বিভিন্ন সময় মতবিনিময় করা হয়। বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডা. দীপু মনি জেন্ডার সমতা নিশ্চিত করতে ও নারী উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

৮১.৮ শতাংশ নারী এমপি হয়রানি-নির্যাতনের শিকার :  বিশ্বের ৮১.৮ শতাংশ নারী পার্লামেন্ট সদস্য কোনো না কোনোভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হন বলে এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৪৪.৪ শতাংশ নারী এমপি আছেন, যাঁরা কখনো কখনো যৌন হয়রানির শিকার হন। বিশ্বের ৩৯টি দেশের ৫৫ জন নারী এমপির সাক্ষাত্কারের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে। গবেষণা অনুযায়ী ২১.৮ শতাংশ নারী এমপি যৌন হয়রানির এবং ২৫. ৫ শতাংশ শারীরিকভাবে হেনস্তার শিকার হয়েছেন।

গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেমিনার শেষে আইপিইউ মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে প্রগ্রাম ডিরেক্টর কারিন জাবরি এসব তথ্য জানান।

স্পিকারের সঙ্গে বৈঠক : জাতীয় সংসদের স্পিকার ও ১৩৬তম আইপিইউ অ্যাসেম্বলির সভাপতি ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন জাপান, বেলারুশ ও কিউবার ডেলিগেশনপ্রধানরা। গতকাল দুপুরে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে বৈঠকে তাঁরা ১৩৬তম আইপিইউ অ্যাসেম্বলি, বাংলাদেশের সংসদীয় কার্যক্রম, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।

সম্মেলন উপলক্ষে বিমানবন্দর থেকে বিজয় সরণি হয়ে জাতীয় সংসদ এবং অন্যদিকে সোনারগাঁও হোটেল পর্যন্ত সড়ক বাহারি সাজে সাজানো হয়েছে। বর্ণিল সাজে সেজেছে রাজধানীর অন্যান্য ভিআইপি সড়কও। পহেলা বৈশাখ পর্যন্ত এই আলোকসজ্জা থাকবে। আনুষ্ঠানস্থলের পাশাপাশি সংসদ ভবন ও বিআইসিসিতেও বর্ণাঢ্য আলোকসজ্জা করা হয়েছে। ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে তুলে ধরা হচ্ছে আইপিইউয়ের নানা কর্মকাণ্ড। ব্যানার-ফেস্টুনে শোভা পাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ও আইপিইউ প্রেসিডেন্টের ছবি। সেখানে সংসদ ভবনসহ অন্যান্য স্থাপনার ছবিও রয়েছে।

প্রসঙ্গত, সংসদীয় গণতান্ত্রিক দেশগুলোকে নিয়ে ১৮৮৯ সালে গঠিত আইপিইউতে বাংলাদেশ সদস্য পদ পেয়েছে ১৯৭২ সালে।

পূর্বাশানিউজ/০২-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি