
পূর্বাশা ডেস্ক :আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রস্তাব কার্যনির্বাহী কমিটিতে পাঠানো হবে।
রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর এক সভা শেষে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভায় দলীয় শৃঙ্খলা এবং দলের অভ্যন্তরীণ দূর্বলতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রস্তাব পাঠানো হবে।”
তিনি বলেন, “আগামী ১২ এপ্রিল আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”
এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রব্বানী চিনু ও মারুফা আক্তার পপি প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর এক সভা অনুষ্ঠিত হয়। এ সভা শেষে আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবস উপলক্ষে মেহেরপুরে মুজিবনগরে আওয়ামী লীগের জনসভাকে সফল করার জন্য খুলনা বিভাগের অধীন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও দলীয় সংসদ সদস্য এবং জেলা পরিষদের চেয়ারম্যানদের সাথে আওয়ামী লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

























































