শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রথমবার জাতীয় পুরস্কার, তা নিয়েও সমালোচনা!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ক্যারিয়ারে প্রথম জাতীয় পুরস্কার পেলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ‘রুস্তম’ ছবিতে দারুণ অভিনয়ের জন্য তাকে দেয়া হয় সেরা অভিনেতার এই পুরস্কার। তবুও বিতর্ক পিছু ছাড়ছে না। অক্ষয় কী ভাবে জাতীয় পুরস্কার পেলেন, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে ইন্ডাস্ট্রির একটা অংশে। সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে তুমুল চর্চা চলছে।

বিতর্কের কেন্দ্রে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের ফিচার ফিল্ম বিভাগের বর্তমান চেয়ারপার্সন পরিচালক প্রিয়দর্শন। তার সঙ্গে যে অক্ষয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তা সকলেরই জানা। ‘হেরা ফেরি’, ‘গরম মশালা’, ‘ভাগম ভাগ’, ‘ভুল ভুলাইয়া’, ‘দে ধনাধন’, ‘খট্টা মিঠা’ ছবিতে এক সঙ্গে কাজ করেছেন এই জুটি। অনেকেই বলছেন, ফিচার ফিল্ম বিভাগের বর্তমান চেয়ারপার্সনের সঙ্গে এই ঘনিষ্ঠতার কারণেই নাকি জাতীয় পুরস্কার পেলেন অক্ষয়!

তবে এ জল্পনার জবাব দিয়েছেন স্বয়ং প্রিয়দর্শন। তার কথায়, ‘আমি সব গসিপই শুনেছি। খুব সহজ ভাবে এটার উত্তর দেব। যখন রমেশ সিপ্পি জুরি প্রধান ছিলেন তখন অমিতাভ বচ্চন জাতীয় পুরস্কার জিতেছিলেন। তখন তো কোনও প্রশ্ন ওঠেনি।’

রমেশ সিপ্পির সঙ্গে অমিতাভের ঘনিষ্ঠতার কথাও সকলেরই জানা। সেই খোঁচাই কি দিতে চাইলেন প্রিয়দর্শন? আবার প্রকাশ ঝা জুরি হেড থাকার সময় পুরস্কার জিতেছিলেন অজয় দেবগণ। তাদেরও ঘনিষ্ঠতার কথা ইন্ডাস্ট্রির সকলেরই জানা।

প্রিয়দর্শন জানিয়েছেন, অক্ষয় নিজের যোগ্যতায় পুরস্কার জিতেছেন। ‘এয়ারলিফ্ট’ ও ‘রুস্তম’— এই দুই ছবিতেই তার অভিনয় জুরিদের পছন্দ ছিল। কিন্তু নিয়ম অনুযায়ী যে কোনো একটা ছবিতে বেছে নিতে হবে। সে কারণেই শেষ বিচারে পুরস্কারের জন্য বেছে নেওয়া হয় ‘রুস্তম’।

পূর্বাশানিউজ/০৮-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি