
পূর্বাশা ডেস্ক:
পাকিস্তানি নারী শিক্ষা অধিকারকর্মী ও শান্তিতে নোবেল বিজয়ী কিশোরী মালালা ইউসুফজাইকে জাতিসংঘের সর্বোচ্চ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বে নিয়োজিত করেছেন।
বিশ্ব নাগরিককে জাতিসংঘ মহাসচিব প্রদত্ত সর্বোচ্চ সম্মাননা পুরস্কার এটি। এর আগে রোববার (৯ এপ্রিল) মালালা ইউসূফজাইয়ের না ঘোষণা দেওয়া হয়।
শুক্রবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক ঘোষণা দেন, ১৯ বছর বয়সী মালালাকে শান্তির দূত করা হয়েছে। নতুন দায়িত্বের অংশ হিসেবে পুরো বিশ্বে নারী শিক্ষা প্রচারে কাজ করবেন মালালা।
সোমবার তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। দায়িত্ব দেওয়ার সময় গুতেরেস মালালাকে বলেন, তুমি শুধু হিরোও নও, তুমি একজন সংগঠন ও ভালো মানুষ।
জাতিসংঘের সর্বকনিষ্ঠ দূত হিসেবে মালালা বিশ্বকে আরও শান্তিপূর্ণ করে তুলতে সহায়তা করবেন বলেও আশা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।
২০১২ সালের অক্টোবরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তালেবানের হামলার শিকার হন সোয়াতের এ কিশোরী ও নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা। নারী শিক্ষা আন্দোলনের প্রতীক হয়ে ওঠা এই তরুণী ১৭ বছর বয়সে ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। আর ১৯ বছর বয়সে পেলেন জাতিসংঘের সর্বোচ্চ সম্মানার পদ। এ পদের মেয়াদ ২ বছর।
১১/০৪/ ২০১৭ইং/ চৈতি।
























































