
পূর্বাশা ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের ‘সামরিক পরিকল্পনার অংশ’ করে এসেছেন বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
ভারতীয় সমরাস্ত্রের মান নিয়ে প্রশ্ন তুলে প্রতিবেশী দেশটি থেকে সমর সরঞ্জাম কেনায়ও আপত্তি তুলেছেন তিনি।
শেখ হাসিনার ভারত সফরে প্রাপ্তি-অপ্রাপ্তি তুলে ধরতে বুধবার সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, “আমরা মনে করি, তিনি (শেখ হাসিনা) বাংলাদেশকে ভারতের সামরিক পরিকল্পনার অংশ করে এসেছেন।”
প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বিষয়ক তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে, সামরিক কেনাকাটায় ৫০ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই ঋণের অর্থে ভারতীয় অস্ত্র কেনার কোনো বাধ্যবাধকতা নেই বলে প্রধানমন্ত্রী হাসিনা জানালেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা বলছেন, আদতে তা ঘটবে না।
“ভারতের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেছেন, এখনও বিস্তারিত আলোচনা হয়নি। এ থেকে বোঝা যায় যে শেখ হাসিনা যাই বলুন না কেন একমাত্র ভারতই হবে ওই ঋণের আওতায় একমাত্র অস্ত্র সরবরাহকারী।”
ভারতের অস্ত্রের মান নিয়ে প্রশ্ন তুলে বিএনপি চেয়ারপারসন বলেন, “যারা নিজেরাই অস্ত্র আমদানি করে তাদের কাছ থেকে আবার অন্য দেশে রপ্তানি করা, সেটা কী করে আশা করেন? কারণ তারা (ভারত) তো নিজেরা অস্ত্র তৈরি করতে পারে না এবং তাদের অস্ত্র সেরকম উন্নত ও মানসম্পন্ন নয়।”
ভারতের সঙ্গে চুক্তির সমালোচনার প্রতিক্রিয়ায় চীনের সঙ্গে বিএনপি আমলে প্রতিরক্ষা চুক্তি সইয়ের বিষয়টি তুলে ধরেছিলেন শেখ হাসিনা।
খালেদা বলেন, “আমাদের দেশের সশস্ত্র বাহিনী চীনের যেসব অস্ত্র-শস্ত্র আছে, সেগুলোতে অভ্যস্ত। তারা আগে থেকে সেগুলো ব্যবহার করছে। আমরা যখন সমঝোতা করেছি, আগে সামরিক বাহিনীর সাথে আলাপ-আলোচনা করেই তা করেছি।
“আর আমরা কোনো পুরাতন জিনিস নয়, আধুনিক অস্ত্র নিয়েছি। চীন তো শুধু বাংলাদেশ নয়, বহু দেশে তার অস্ত্র রপ্তানি করে।”
প্রতিরক্ষায় অন্য সমঝোতা স্মারখের বিষয়ে খালেদা বলেন, “দেশের প্রতিরক্ষা প্রশিক্ষণ বিষয়ক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যেভাবে ভারতের সম্পর্ক প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে, তার ফলে এসব প্রতিষ্ঠানের সিলেবাস, কারিকুলাম ও অন্যান্য স্পর্শকাতর বিষয়াদি অযাচিত হস্তক্ষেপের মুখে পড়তে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন।”
বিএনপি ক্ষমতায় গেলে এগুলো বাতিল করবে কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা দেশের জন্য, দেশের জনগণের পক্ষে কাজ করি।
“এখন আমরা ক্ষমতায় নেই। দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমরা ক্ষমতায় আসলে অবশ্যই দেশের স্বার্থবিরোধী যে কোনো চুক্তি বা সমঝোতা আমরা পুনর্বিবেচনার ব্যবস্থা গ্রহণ করব।”
‘বিদেশি মদদ নিয়ে আ. লীগই ক্ষমতায়’
২০০১ সালে বিদেশি শক্তির বলে বিএনপি ক্ষমতায় গিয়েছিল বলে শেখ হাসিনার বক্তব্যের পাল্টায় খালেদা জিয়া বলেন, বরং আওয়ামী লীগই বিদেশি শক্তির মদদে সরকারে রয়েছে।
“হাসিনা সংবাদ সম্মেলনে বিদেশিরা বিএনপিকে এদেশে ক্ষমতায় বসাতে চক্রান্ত করেছিল বলে আবারও অসত্য অভিযোগ করেছেন। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই।”
“বিদেশি চক্রান্তে নয়, জনগণের ভোটেই বিএনপি সবসময় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। আওয়ামী লীগই ভোট ছাড়া বিদেশি মদদ নিয়ে ক্ষমতায় আসার খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে।”
খালেদা বলেন, “দেশের অধিকাংশ নাগরিক মনে-প্রাণে বিশ্বাস করেন, নির্বাচনী প্রহসনের মাধ্যমে ভারতের বিগত সরকারই আওয়ামী বলয়ে শাসন ক্ষমতাকে প্রলম্বিত করার ক্ষেত্রে সরাসরি সহায়তা করেছে। তাদের প্রত্যক্ষ সমর্থনেই দেশে জনবিচ্ছিন্ন সরকার ক্ষমতায় টিকে আছে।
“জনগণ আরও মনে করেন যে, দেশের বর্তমান সরকার ভারতের সঙ্গে কোনো চুক্তি বা সমঝোতার ক্ষেত্রেই জাতীয় স্বার্থ সংরক্ষণ করতে পারেনি বা করেনি। কেবল কৃতজ্ঞতার ঋণই ক্রমাগত শোধ করে চলেছে। এতে বিসর্জন দেওয়া হচ্ছে দেশের জাতীয় স্বার্থ ও মর্যাদা।”
“শেখ হাসিনা বলেছেন, এই সফরে তিনি তৃপ্ত। কিন্তু দেশের জনগণ এই সফরের ফলাফলে তৃপ্ত তো নয়ই, বরং আতঙ্কিত। তারা জাতীয় স্বার্থবিরোধী একগাদা চুক্তি ও সমঝোতা চায়নি, হিসাবের পাওনা চেয়েছে,” বলেন খালেদা।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহায়তাকারী ভারতের সঙ্গে চুক্তিতে বিএনপির আপত্তি কেন- প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় খালেদা জিয়া বলেন, “আমার বক্তব্যে (লিখিত) বলেছি, আমাদের মুক্তিযুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে ভারত সাহায্য করেছে।
“কিন্তু বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হলে অবশ্যই, সেটা যে দেশই হোক না কেন, তার বিরুদ্ধে বিএনপি ও জনগণ কথা বলবেই।”
লিখিত বক্তব্যে বিএনপি চেয়ারপারসন স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‘বিএনপি সশস্ত্র বাহিনী ব্যবহার করেনি’
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসন বলেছেন, তার দল কখনও সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেনি।
“তারা (আওয়ামী লীগ) করেছেন। তারা সশস্ত্র বাহিনীর সদস্যদের বাধ্যতামূলকভাবে একমাত্র রাজনৈতিক দল বাকশাল এর অন্তর্ভুক্ত করেছিলেন। জেনারেল এরশাদ ও মইনের ক্ষমতা দখল ও জেনারেল নাসিমের সামরিক অভ্যুত্থান প্রচেষ্টায় তারাই প্রকাশ্য সমর্থন দিয়েছিলেন। কাজেই নিজেদের অপরাধ অন্যের কাঁধে চাপিয়ে তারা পার পাবেন না।”
পূর্বাশানিউজ/১৩-এপ্রিল,২০১৭/মাহি

























































