
পূর্বাশা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাস্তবতা বিবেচনা করে রাজনীতি করা হচ্ছে। বাস্তবতা মেনে যারা সিদ্ধান্ত নিতে পারেন, তারাই প্রগতিশীল রাজনীতি করেন। আমরা সেটা মেনে নিয়ে রাজনীতি করছি।’
১৩ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘সরকার হেফাজতে ইসলামের সঙ্গে সমঝোতা করছে কি না’- এমন প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশে রাজনৈতিক ও সামাজিক যে বাস্তবতা রয়েছে এবং জাতির যে অনুভূতি রয়েছে, তাতে আমরা যারা রাজনীতি করি, তাদের সেই বাস্তবতা নিয়ে এগোতে হবে। হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের চিন্তাধারার মিলমিশ হয়নি। আর হেফাজত ও কওমি মাদ্রাসা দুটো এক জিনিস নয়। সরকার বাস্তবতা বিবেচনা করে কওমি মাদ্রাসার সনদে স্বীকৃতি দিয়েছে।
ওবায়দুল কাদের বলেন, চীনের সঙ্গেও খালেদা জিয়া সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিলেন। ভারতের সঙ্গে একই সমঝোতা স্মারক স্বাক্ষর করায় কেন এই সমালোচনা? মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করেছে- এমন দেশের সঙ্গে সমঝোতা স্মারক সই করার সময় তো সমালোচনা হয়নি।
সেতুমন্ত্রী বলেন, ভারত তো আমাদের বন্ধুপ্রতিম দেশ। মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে। ভারতসহ ১৩টি দেশের সঙ্গে এ ধরনের সামরিক সমঝোতা স্মারক সই হয়েছে। কোনো কোনো দেশের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলছে। এটা শুধু ভারতের সঙ্গে হচ্ছে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন ও এনামুল হক শামীম, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।























































