
পূর্বাশা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগে ফার্মের মুরগি ঢুকেছে। ফার্মের মুরগির কারণে দেশি মুরগি কোণঠাসা হয়ে পড়েছে। দেশি মুরগি দরকার, ফার্মের মুরগি নয়। ফার্মের মুরগি স্বাস্থ্যের জন্য ভালো নয়। চারদিকে আতি নেতা, পাতি নেতায় ভরে গেছে। তবে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অপকর্ম করা চলবে না। তাহলে কাউকে ক্ষমা করা হবে না। দেশ বাঁচাতে হলে, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।’
১৭ এপ্রিল সোমবার দুপুরে মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। এর আগে গত ২২ মার্চ সিলেটের এক অনুষ্ঠানে আওয়ামী লীগে ‘কাউয়া’ ঢোকার কথা বলেছিলেন দলটির এ সাধারণ সম্পাদক।
মেহেরপুরে বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল বলেন, ‘বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না বলে ১৭ এপ্রিল পালন করে না।’
তিনি বলেন, ‘বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে। যাকে পায় তার কাছে সরকারের বিরুদ্ধে নালিশ করতে থাকে। তারা চোরাবালিতে আটকে গেছে।’
জনসভায় স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ২০১৯ সালের সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে।
রুবেল মজুমদার























































