
পূর্বাশা ডেস্ক ; দেশের হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে অবিলম্বে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের পুরোনো কৃষিঋণ মওকুফ, বিনা মূল্যে সার, বীজ বিতরণসহ কয়েকটি দাবিও জানান তিনি।
১৮ এপ্রিল মঙ্গলবার উজানের ঢল ও ভারী বর্ষণে হাওর অঞ্চল ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব দাবি জানান তিনি।
তিনি বলেন, ‘কৃষকেরা তাদের একমাত্র ফসল হারিয়ে এখন দিশেহারা। বাংলাদেশে খুবই নীরবে এক বিশাল ও ভয়ংকর দুর্যোগ ঘটে গেছে এপ্রিল মাসের শুরুতে। বিস্তৃত হাওর অঞ্চলের ফসল নষ্ট হয়ে গেছে। হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানিয়েছেন যে ফসল নষ্ট হওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছেন।’
মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত বিএনপির প্রাপ্ত তথ্য অনুযায়ী নেত্রকোনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট ও কিশোরগঞ্জ জেলার প্রায় সাড়ে তিন লাখ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। উজানের ঢল ও ভারী বর্ষণে হাওর অঞ্চল ক্ষতিগ্রস্ত হলেও সরকার কোনো পদক্ষেপ নেয়নি মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, কোনো মন্ত্রীও ওই এলাকায় যাননি।
সেখানে দ্রুত ত্রাণ সহায়তা দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে সেখানকার মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এরই অংশ হিসেবে তিনি নেত্রকোনা ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় গিয়ে সাধ্যমতো সহায়তা করেছেন। স্থানীয় নেতৃবৃন্দকেও দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি অারও বলেন, ভারতের সঙ্গে ৫৪টি অভিন্ন নদীর পানি চুক্তি করতে হবে। বাঁধ দিয়ে ভারত এসব নদীর পানি নিয়ন্ত্রণ করছে। বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে ভারত বাংলাদেশের ব্যাপক ক্ষতি করছে। অন্যদিকে, শুষ্ক মৌসুমে পানি আটকিয়ে দিচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, হেফাজতে ইসলাম ও বিএনপি আগের অবস্থানেই আছে। হেফাজতের সব নয়, কিছু কিছু দাবির সঙ্গে বিএনপি একমত ছিল; এখনো সেই অবস্থানেই আছে। বরং হেফাজতকে বশে এনে কাছে টানার চেষ্টা করছে সরকার। এ ব্যাপারে বিএনপির অবস্থান ডাবল স্ট্যান্ড (দ্বৈত নীতি) না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা কায়সার কামাল, এমরান সালেহ প্রিন্স, সাখাওয়াত হোসেন জীবন, আবদুস সালাম আজাদ, ছাত্রদলের সহসভাপতি নাজমুল হাসান ও নেত্রকোনা জেলা বিএনপির নেতৃবৃন্দ।
রুবেল মজুমদার






















































