
পূর্বাশা ডেস্ক:
মাঠে রাজনীতি নেই। কোণঠাসা বিরোধী শক্তি। ঘরোয়া রাজনীতিতে আবদ্ধ বিএনপি। অন্যদিকে সরকারি দল সরব মাঠে। তবে বাহাস থেমে নেই। হাল আমলে সবচেয়ে বেশি বাহাস হচ্ছে আগামী নির্বাচনে বিএনপি’র অংশগ্রহণ করা, না করা নিয়ে। প্রতিদিনই এ নিয়ে বাকযুদ্ধে লিপ্ত হচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রভাবশালী নেতারা। সবচেয়ে সরব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিয়ত নির্বাচনে বিএনপি’র অংশগ্রহণ করা নিয়ে বিতর্কে লিপ্ত হচ্ছেন এই দুই শীর্ষ স্থানীয় নেতা।
গতকালও নির্বাচন নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নোয়াখালীতে ওবায়দুল কাদের বলেন, গত নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুলের চোরাবালিতে আটকে গেছে। আমাদের বিশ্বাস সে চোরাবালি থেকে বের হয়ে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে। একইদিনে ঢাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিবন্ধন বাতিল নিয়ে আমরা উদ্বিগ্ন নই। বিএনপিকে বাদ দিয়ে যদি তারা নির্বাচন করতে চায় করুক না, এতো সোজা না তো।
এরআগে শুক্রবার নোয়াখালীতে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপি’র সাংবিধানিক অধিকার। সরকার কাউকে ডেকে এনে নির্বাচনে অংশগ্রহণ করাবে না। পরপর দুইবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করলে নিবন্ধন বাতিলের আশঙ্কা রয়েছে। দলের অস্তিত্ব রক্ষার স্বার্থেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। একইদিনে ঢাকায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। বিএনপি নির্বাচনে অংশ নেবে কি নেবে না এটা বিএনপি’র বিষয়।
শুক্রবারই ঢাকায় এক আলোচনা সভায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি নির্বাচনে যেতেই চায়। রাজনৈতিক দল হিসেবে, গণতান্ত্রিক দল হিসেবে আমরা নির্বাচনে যাওয়ারই দল। সেই নির্বাচন হতে হবে যেটাকে নির্বাচন বলে। নির্বাচন মানে হলো সেটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, সবদল অংশগ্রহণ করবে এবং ভোটাররা নির্বিঘেœ ভোট দিতে পারবে। একই দিনে চট্টগ্রামে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া, নিরপেক্ষ নির্বাচন কমিশনার ছাড়া আর বিএনপিকে বাদ দিয়ে কোনো নির্বাচন এদেশে হবে না। জনগণকে বাইরে রেখে এদেশে আর কোনো নির্বাচন হবে না।
এর আগের দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০১৪ সালে কী নির্বাচন করেছেন? কোনো বিরোধীদল আপনার নির্বাচনে অংশ নেয়নি। সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে এবং দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি। এখন বিএনপিকে আগামীতে কী করে নির্বাচনে আনবেন সেই চেষ্টা করুন। নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে লাভ নেই। দেশের সর্ববৃহৎ দল বিএনপি নিবন্ধন বাতিলের ভয় করে না।
বুধবার ঢাকায় ওবায়দুল কাদের এক আলোচনা সভায় বলেন, আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না। আশা করি আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে। তিনি বলেন, তারা শর্ত দিচ্ছে নির্বাচনকালীন সহায়ক সরকারের। কিন্তু তা সংবিধানের কোথাও নেই।
এর আগে গত মঙ্গলবারও নির্বাচন নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, একতরফা খেলার মাধ্যমে সরকার ফের নির্বাচনী বৈতরণী পার হওয়ার ষড়যন্ত্র করছে। আমাদের সবাইকে জেলের মধ্যে ঢুকিয়ে রেখে তারা একতরফা খেলতে চায়।
সোমবার মুজিবনগরে আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আগামী ২০১৯ সালের সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। অন্যকোনোভাবে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। জনগণ যেভাবে রায় দেবে আমরা তাই মেনে নেবো।
২৩/০৪/২০১৭ইং/ চৈতি।

























































