শনিবার,১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


শিক্ষা সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আহবান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক : স্বপ্নের আধুনিক শিক্ষিত জাতি গড়ে তুলতে সকল শিক্ষার্থীদের জন্য সরকারের দেয়া শিক্ষা সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৩ এপ্রিল রোববার তার কার্যালয়ে শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডের উপদেষ্টা পরিষদের ৪র্থ সভায় তিনি এই আহবান জানান।

বৈঠকে শেখ হাসিনা বলেন, ‘দেশকে দারিদ্র্যমুক্ত করার একমাত্র উপায় হিসেবে সরকার শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছে।’

তিনি জানান, তার সরকার দারিদ্র্য বিমোচনের জন্য শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে। তিনি এ প্রসঙ্গে দেশ স্বাধীন হবার পর যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের সময় বঙ্গবন্ধুর শিক্ষা খাতের প্রসারে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পরে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে গুরুতর আর্থিক সংকট সত্ত্বেও বঙ্গবন্ধুর সরকার একটি শিক্ষিত জাতি গঠনে প্রাথমিক শিক্ষা জাতীয়করণ এবং নারীদের শিক্ষাকে অবৈতনিক করেন এবং নারীদের শিক্ষাকে সম্পূর্ণ পরিপূরক করেন।’

সবার জন্য শিক্ষা এবং মৌলিক অধিকারগুলো নিশ্চিত করায় তার সরকারের পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘বছরের প্রথম দিনই সরকার প্রাথমিক থেকে মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের উদ্যোগ গ্রহণ করে অভিভাবকদের এই সংক্রান্ত খরচ লাঘব করেছে।’

স্কুলগুলোতে মাল্টিমিডিয়া ক্লাশরুম, বিজ্ঞান গবেষণাগারসহ জ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণের পাশাপাশি তার সরকার পার্বত্য অঞ্চলে এবং হাওর এলাকায় আবাসিক শিক্ষা প্রতিষ্ঠা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সে সময় অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান ও এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমেদ উপস্থিত ছিলেন।

রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি