
স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় যাত্রীবাহী বাসের চাপায় স্বামী-স্ত্রী, সিএনজি চালকসহ ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন। সোমবার রাতে কুমিল্লা-নোয়াখালী সড়কের জেলার লালমাই উপজেলার বাগমারা ইউনিয়নের বরল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে নোয়াখালীগামী ইকোনো পরিবহনের একটি বাস সোমবার দিবাগত রাত ৯টার দিকে বরল এলাকায় কুমিল্লাগামী সিএনজি চালিত একটি অটোরিক্সাকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়। নিহতরা হচ্ছে- জেলার লাকসাম উপজেলা সদরের গন্ডামারা গ্রামের আবদুর রাজ্জাক (৪৫), তার স্ত্রী ঝর্ণা বেগম (৩৩) এবং রাজ্জাকের শ^াশুড়ী জেবুন নেছা (৬৫)। ওই দুর্ঘটনায় আহত সিএনজি চালক বাচ্চু মিয়াকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় নিহত রাজ্জাকের ছেলে রাজু এবং নিকটাত্মীয় ইসহাককে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট ইব্রাহিম খলিল মঙ্গলবার বিকালে জানান, ইকোনো পরিবহনের বাসটি আটকসহ দুর্ঘটনা কবলিত সিএনজিটি উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ দুপুরে তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
২৫ এপ্রিল ২০১৭,/ চৈতি

















































