শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা সিটির স্থগিত দুই কেন্দ্রের ফলাফল ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) দুই কেন্দ্রে মঙ্গলবার শান্তিপূর্ণভাবে পুননির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ দুই কেন্দ্রে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরের দুটি পদে নির্বাচিতদের বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।

নির্বাচনে কুমিল্লা সিটির ২১ নং ওয়ার্ডের কুমিল্লা সরকারি সিটি কলেজ কেন্দ্রে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী কাজী মাহবুবুর রহমান (ঘুড়ি)। এ কেন্দ্রে সংরক্ষিত ৭ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে বিএনপি সমর্থিত প্রার্থী উম্মে সালমা (হেলিকপ্টার) নির্বাচিত হয়েছেন।

এছাড়া ২৭ নং ওয়ার্ডের চৌয়ারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্রে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল হাসান (ট্রাক্টর) এবং এ কেন্দ্রে সংরক্ষিত ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে স্বতন্ত্রপ্রার্থী রুবী আক্তার (চশমা) নির্বাচিত হয়েছেন।

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল বলেন, দুটি কেন্দ্রে দুটি পদে পুনর্নির্বাচনের পর প্রাপ্ত মোট ভোটের হিসাবে সাধারণ কাউন্সিলর পদে ২১ নং ওয়ার্ডে কাজী মাহবুবুর রহমান ও ২৭ নং ওয়ার্ডে আবুল হাসান এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৭নং ওয়ার্ডে উম্মে সালমা ও ৯ নং ওয়ার্ডে রুবী আক্তার নির্বাচিত হয়েছেন।

পূর্বাশানিউজ/২৬-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি