
পূর্বাশা ডেস্ক:
সরকার হাওরবাসীকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, হাওর অঞ্চলের দুর্গতি সরকারের দুর্নীতির অংশ, ব্যর্থতার নগ্ন ইতিহাস। হাওরবাসী সরকারের এই ব্যর্থতা তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে “হাওরের মহাবিপর্যয়কে জাতীয় দুর্যোগ ঘোষণা এবং হাওরবাসীকে রক্ষায় দ্রুত রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে” বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত নাগরিক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
শামস্জ্জুামান দুদু বলেন, সরকারের ব্যর্থতা প্রমাণ হয়ে যাবে যার কারণ তারা এখনও হাওর অঞ্চলকে দুর্গত ঘোষণা করছে না। আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা টেন্ডার নিয়ে ওই সমস্ত এলাকায় কাজ করেছেন। তাদের দুর্নীতির প্রমাণ হওয়ার ভয়েই সরকার এখনও হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করছে না। সরকারের প্রতি হাওর অঞ্চলগুলোকে অনতিবিলম্বে দুর্গত এলাকা ঘোষণার জোর দাবি জানিয়েবিএনপির এই নেতা বলেন, এখন বিভেদের সময় নয়।
হাওর অঞ্চলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া না যাওয়ায় প্রশ্ন তোলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে দুদু বলেন, সর্ব প্রথম হাওর অঞ্চলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছিলেন, তার আগে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা ছাড়া কেউ যায়নি। ওবায়দুল কাদের আমাদের অগ্রজ বড় ভাই একটু বেশি কথা বলেন, কিন্তু বেশি কথা বললে যে বেশি ভুল হয় তিনি মাঝে মধ্যে ভুলে যান। আমরা তার কাছে জ্ঞান সমৃদ্ধ দায়িত্বশীল কথা আশা করি।
ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, হাওর এলাকার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। কিন্তু এ ব্যাপারে সরকারের তেমন কোনো তৎপরতা পরিলতি হচ্ছে না। সরকারের একজন সচিব বলেছেন, কোনো এলাকার অর্ধেক মানুষ মারা না গেলে দুর্গত এলাকা ঘোষণা করা যাবে না, যা কোনোভাবেই মেনে নেয়া যায় না।
ন্যাপ ঢাকা মহানগর সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু’র সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন কর্মসচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, বিএনপি নেতা খালিদ সাইফুল্লাহ সোহেল, কল্যাণ পার্টি ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, এনডিপি প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা, বিএনপি ঢাকা মহানগর দক্ষিনের সহ-সভাপতি মোহাম্মদ ফরিদউদ্দিন, জিনাফ সভাপতি মিয়া মোঃ আনোয়ার, ন্যাপ ভাইস চেয়ারম্যান কাজী ফারুক হোসেন, সম্পাদক মোঃ কামাল ভুইয়া, দেশবাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রাকিবুল ইসলাম রিপন, যুবনেতা আবদুল্লাহ আল কাউছারী, ছাত্রনেতা সোলায়মান সোহেল প্রমুখ।
পূর্বাশানিউজ/২৯-এপ্রিল,২০১৭/ফারজানা

























































