
পূর্বাশা ডেস্ক:
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করতে সুনামগঞ্জ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে সকাল ৯টায় গণভবন থেকে সুনামগঞ্জের উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টরটি সাকল ১০টার দিকে সুনামগঞ্জে পৌঁছায়।
জানা গেছে, প্রধানন্ত্রী সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন এবং জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আজ দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্থল ও জলপথে নিশ্চিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ১১শ’ পুলিশ।
সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সকল প্রকার ব্যবস্থা সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী প্রথমে হেলিকপ্টারে করে লো-ফ্লাইংয়ে অকাল বন্যায় ভেসে যাওয়া সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চল পরিদর্শন করবেন। এরপরে শাল্লা উপজেলা সদরে শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তিনি ফসলহারা কৃষকদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। পরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। বেলা ১২টার দিকে তিনি সুনামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
এর আগে গত ১৬ এপ্রিল কিশোরগঞ্জ ও ১৭ এপ্রিল সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। হেলিকপ্টারে লো-ফ্লাইংয়ে দুর্গত হাওর পরিদর্শন শেষে ওইদিন সন্ধ্যায় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রপতি।
প্রসঙ্গত, অকাল বন্যায় গত ২৯ মার্চ প্রথম সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শয়তানখালি হাওরের বাঁধ ভেঙে বিস্তীর্ণ ফসলি জমি প্লাবিত হয়। এরপর একে একে জেলার ছোট-বড় ১৪২টি হাওরের ২ লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমির ফসল তলিয়ে যায়। এতে সর্বশান্ত হয়ে পড়েছে জেলার দুই লাখ ৭৭ হাজার ১৮৮টি কৃষক পরিবার। বোরো ফসল ডুবে যাওয়ার পর পরই নতুন করে সেখানে শুরু হয় মাছ, হাঁস ও অন্যান্য জলজ প্রাণীর মড়ক।
পূর্বাশানিউজ/৩০-এপ্রিল,২০১৭/মাহি

















































