
পূর্বাশা ডেস্ক:
প্রথমে বল হাতে রাজত্ব। পরে ব্যাট হাতেও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বোলারদের শাসন করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেএসপির চার নম্বর মাঠে ভিক্টোরিয়াকে এক প্রকার কাঁদিয়েই ছাড়লো মোহামেডান। প্রথম ইনিংসের পর ফলটাও অনুমেয় ছিলো। হয়েছেও তেমন। শামসুর রহমান শুভর দারুণ ব্যাটিংয়ে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান।
ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে রোববার ভিক্টোরিয়াকে সাত উইকেটে হারিয়েছে রকিবুল হাসানের দল। পাঁচ ম্যাচ খেলা মোহামেডানের এটি তৃতীয় জয়। এই জয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে উঠে এসেছে চতুর্থ রাউন্ডেও জয় নিয়ে মাঠ ছাড়া মোহামেডান। অন্যদিকে ভিক্টোরিয়ার এটা টানা পঞ্চম হার।
বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভিক্টোরিয়া। মোহামেডানের দুই স্পিনার তাইজুল ইসলাম, এনামুল জুনিয়রের বোলিং তোপের মুখে ১৫৪ রানেই অলআউট হয়ে যায় তারা। জবাবে তিনটি উইকেট হারালেও বিপাকে পড়তে হয়নি মোহামেডানকে। ম্যাচসেরা শামসুর রহমান শুভর হার না মানা ৭৪ রানের সুবাদে ৩০ ওভারে তিন উইকেট হারিয়েই জয় তুলে নেয় মোহামেডান।
অবশ্য ছোট জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দিক হারিয়েছিলো মোহামেডান। স্কোরকার্ডে কোনো রান যোগ না হতেই ফিরে যান ওপেনার সৈকত আলী। আরেক ওপেনার রনি তালুকদারকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে তোলেন শামসুর রহমান শুভ। এসময় ১৯ রান করে বিদায় নেন রনি।
এরপর রকিবুল হাসানকে নিয়ে এগোতে থাকেন শামসুর। যদিও জুটিটা লম্বা হয়নি। রকিবুল ২০ রান করে সাজঘরে ফেরেন। এরপর আর বিপদ আসেনি। অভিষেক মিত্রতে সাথে নিয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন শামসুর। ৭৭ বলে সাত চার ও দুই ছয়ে ৭৪ রানে অপরাজিত থাকেন ডানহাতি এই ব্যাটসম্যান। অভিষেকের ব্যাট থেকে আসে অপরাজিত ৩৯ রান।
এরআগে ব্যাট করতে নামা ভিক্টোরিয়ার পুরো ইনিংস জুড়ে ছিলো মোহামেডানের বোলারদের রাজত্ব। তাইজুল ইসলাম ও এনামুল জুনিয়রের সামনে দাঁড়াতেই পারেননি তাদের ব্যাটসম্যানরা। তাইজুল চারটি ও এনামুল তিনটি উইকেট নেন। এদিন ম্যাচসেরা শামসুর রহমান শুভও দুই উইকেট পেয়েছেন। ভিক্টোরিয়ার হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন রুবেল মিয়া। এছাড়া রবিন বিসত ২১, শফিউল হায়াত ১২ ও মইনুল ইসলাম ২৭ রান করেন।
পূর্বাশানিউজ/৩০-এপ্রিল,২০১৭/রুমকী
























































