
পূর্বাশা ডেস্ক:
শ্রমজীবী মানুষের রক্তঝরা ঘামেই বিশ্ব সভ্যতার বিকাশ এবং বিজ্ঞান ও প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
৩০ এপ্রিল রোববার দুপুরে মহান মে দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এসব কথা বলেন তিনি।
ওই বাণীতে তিনি বলেন, ‘শ্রমিকের ঐতিহাসিক অবদানের ফলেই বিশ্ব অর্থনীতি চাঙা হয়। অথচ আজও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে নিপীড়িত শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।’
শ্রমজীবীদের অধিকার রক্ষায় তার দল আপসহীন এমন মন্তব্য করে খালেদা জিয়া বলেন, ‘শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং তা রক্ষায় আমরা আমাদের প্রতিশ্রুতি পালনে কখনোই পিছপা হইনি।’
দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিজেকে শ্রমিকের পরিচয় দিতে গর্ব ও স্বাচ্ছন্দবোধ করতেন বলে উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সন বলেন, শ্রমিকদের হাতকে তিনি উন্নয়নের চাবিকাঠি ভাবতেন। এ দেশের শ্রমজীবী ও পরিশ্রমী মানুষের কল্যাণে তিনি যুগোপযোগী পদক্ষেপ নিয়েছিলেন।
সেসবের ধারাবাহিকতায় তার সরকারের সময় শ্রম আইন সংস্কার ও আধুনিকীকরণ, বেতন ও মজুরি কমিশন, গার্মেন্টস শ্রমিকদের ন্যুনতম মজুরি নির্ধারণ, বাস্তবায়ন ও তাদের বোনাস প্রদানের ব্যবস্থা, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন, পোশাক শ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও তাদের লেখাপড়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল বলে জানান খালেদা জিয়া।
বিবৃতিতে আগামীতেও এই প্রচেষ্টা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বেগম খালেদা জিয়া।
পূর্বাশানিউজ/৩০-এপ্রিল,২০১৭/রুমকী

























































