শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রমজানের প্রস্তুতিপর্ব শাবান


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

এখন শাবান মাস। পরের মাস পবিত্র মাহে রমজান। রমজানে মাসব্যাপী সিয়াম সাধনায় নিমগ্ন হবে গোটা মুসলিম জাহান। তার আগে পবিত্র শাবান মাস রমজানের প্রস্তুতির মাস। আমাদের পিয়নবী (সা.) এর জীবন প্রণালি পর্যালোচনা করলে আমরা শাবানের এ গুরুত্বের কথা জানতে পারি। তিনি শাবানকে রমজানের প্রস্তুতির মাস হিসেবে মূল্যায়ন করতেন। এমনকি তার আগের রজব মাস থেকেই এ প্রস্তুতিপর্ব শুরু করতেন। তিনি দোয়া করতেনÑ আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রামাদান। হে আল্লাহ রজব মাস ও শাবান মাসকে আমাদের জন বরকতময় করে দাও এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দাও অথবা রমজান মাস সঠিকভাবে পালন করার জন্য আমাকে তৌফিক দান করো। উম্মত হিসেবে এ দোয়া পাঠ করা আমাদের ওপরও কর্তব্য। দোয়া ছাড়াও তিনি শাবান মাসে এতবেশি নফল ইবাদত করতেন যে, মনে হতো তিনি রমজানের প্রস্তুতি গ্রহণ করছেন।
প্রিয়নবী (সা.) শাবান মাসের গুরুত্ব বর্ণনায় হজরত ওসামা বিন জায়েদ (রা.) এর এক প্রশ্নের জবাবে বলেন, ‘রজব ও রমজানের মধ্যবর্তী এ মাস সম্পর্কে লোকেরা গাফেল থাকে; অথচ এ মাসে বান্দার আমল আল্লাহ তায়ালার মহান দরবারে পেশ করা হয়। আমার আমল যখন পেশ করা হয়, তখন রোজা অবস্থায় থাকা আমি পছন্দ করি।’ (আহমদ ও নাসাঈ)। হজরত আবু হুরায়রা (রা.) বলেন, মহানবী (সা.) এরশাদ করেন, শাবান আমার মাস, রজব আল্লাহর মাস ও রমজান আমার উম্মতের মাস। শাবান মাস অন্যায়-অপরাধ থেকে রক্ষা করে। আর রমজান মাস মানুষকে পূতপবিত্র করে। যেহেতু এ মাস প্রচুর কল্যাণ ও নেকির মাস, সেহেতু এর নামকরণ হয়েছে শাবান। হজরত আবু ওমামা বাহেলি (রা.) থেকে বর্ণিত, যখন শাবান মাস হাজির হতো, তখন প্রিয়নবী (সা.) বলতেন, এ মাসে তোমরা তোমাদের অন্তরকে পাকপবিত্র করে নাও এবং নিয়তকে সঠিক করে নাও। (মুসলিম)।
উম্মুল মোমিনিন হজরত আয়েশা সিদ্দিকা (রা.) বলেন, আমি মহানবী (সা.) কে কখনও রমজান ছাড়া পুরো মাস রোজা রাখতে দেখিনি, আর শাবান মাসের মতো অন্য কোনো মাসে তাকে অধিক হারে (নফল) রোজা রাখতে দেখিনি। (বোখারি ও মুসলিম)।
প্রিয়নবী (সা.) এর শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখার কয়েকটি কারণ রয়েছে। তা হলো, পবিত্র মাহে রমজানের ফরজ রোজার প্রস্তুতির জন্য এ মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন। বিজ্ঞ ওলামায়ে কেরাম বলেছেন, ইসলামী শরিয়ায় প্রায় প্রত্যেক ফরজ নামাজের আগে ও পরে কতগুলো সুন্নত নামাজ রয়েছে। ফরজ পূর্ব সুন্নত হলো ফরজের প্রস্তুতির জন্য। যেন সুন্দরভাবে ফরজ আদায় করা সহজ হয়। আর পরের সুন্নত হলো ফরজের কমতি ও ত্রুটিবিচ্যুতির জন্য। ফরজ নামাজের মতো ফরজ রোজার মধ্যেও শরিয়ত একই নীতি অবলম্বন করেছে। শাবানের রোজা হলো রমজানের ফরজ রোজার আগের সুন্নত রোজা। আর শাওয়ালের রোজা হলো ফরজের পরের সুন্নত রোজা। শাবানের রোজা রমজানের রোজার প্রস্তুতির অংশ এবং শাওয়ালের রোজা তার ক্ষতিপূরণ। আর দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করতে হবে, তাই এর প্রস্তুতি দরকার। শরীর-মন তৈরি করতে হয়। হজরত আনাস (রা.) বলেন, প্রিয়নবী (সা.) কে জিজ্ঞেস করা হলো, কোন রোজা উত্তম? তিনি বলেন, শাবান মাসের রোজা, কারণ এ রোজা রমজানের রোজার সম্মানের জন্য। (তিরমিজি)। এছাড়া বেশি বেশি কোরআন তেলাওয়াত, দান-সদকা ইত্যাদি আমলও প্রিয়নবী (সা.) অধিক পরিমাণে করতেন। প্রিয়নবী (সা.) এর পাশাপাশি তাঁর সাহাবিরাও শাবান মাসের আমল থেকে পিছিয়ে ছিলেন না।
মোটকথা, শাবান মাসে অধিক পরিমাণে রোজা প্রিয়নবী (সা.) এর আমল দ্বারা প্রমাণিত এবং তার বহুবিধ হিকমতও রয়েছে। কাজেই সুন্নতে জায়িদা হিসেবে রোজা রাখা এ মাসের বিশেষ আমল। আমরা যদি শাবান মাসের শুরু থেকেই অল্প অল্প করে কিছু নেক আমলে মশগুল থাকতে পারি, তাহলে আশা করা যায় পবিত্র মাহে রমজান ভালোভাবে অতিবাহিত করার শক্তি ও সাহস মহান আল্লাহ তায়ালা আমাদের দান করবেন। ফলে আল্লাহর নৈকট্য অর্জন করাও আমাদের জন্য সহজ হবে।

পূর্বাশানিউজ/০১-,মে ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি