শুক্রবার,২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


‘জনগণ আন্দোলন চায় না, চাকরি চায়’


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আপনারা কষ্ট করে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আন্দোলন কইরেন না। জনগণ এখন আন্দোলন চায় না, চাকরি চায়, জীবনের নিশ্চয়তা চায়।’

আজ মঙ্গলবার রাজধানীর বিএমএ মিলনায়তনে ৩৫তম বিসিএস স্বাস্থ্য ও পরিবার ক্যাডারে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচনের মাধ্যমে যদি আওয়ামী লীগ বিরোধী দলে যায়, তবে আমাদের আন্দোলনও প্রত্যাহার করতে হবে। আমি তো আন্দোলনের মাস্টার ছিলাম।

এখন যদি আমি আন্দোলন করি জনগণ মানবে না। কারণ, মানুষ আন্দোলন চায় না, চাকরি চায়। মোট কথা মানুষ খেয়ে-পরে বাঁচতে চায়।’

নির্বাচনের সময়ে সহায়ক সরকারের ব্যবস্থা করতে হবে বিএনপি নেতাদের এমন দাবি প্রসঙ্গে নাসিম বলেন, ‘নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এই সরকার সহায়ক সরকারের ভূমিকা পালন করবে। সংবিধান অনুযায়ী পৃথিবীর বিভিন্ন দেশে এভাবেই নির্বাচন হয়, হয়েছে এখানেও হবে। আমি কেন, শেখ হাসিনা চাইলেও সংবিধানের বাইরে কিছু করতে পারবেন না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক খান।

বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, মহাসচিব এহতেশামুল হক চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইকবাল আর্সলান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা সারোয়ার, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।

পূর্বাশানিউজ/০২-,মে ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি