শুক্রবার,২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপির সামনে আবারো আওয়ামী লীগের ফাঁদ!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে অনড় থেকে দশম সংসদ নির্বাচন থেকে বিএনপি যেভাবে ছিটকে পড়েছিল, এবার ‘সহায়ক সরকার ব্যবস্থা’র দাবিতে কঠোর অবস্থানে গেলে আগামী নির্বাচনেও তার পুনরাবৃত্তি হতে পারে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের বেশ কয়েক নেতা বিএনপির ‘সহায়ক সরকার’ দাবিকে দলটির জন্য ‘ফাঁদ’ বলে অভিহিত করেছেন।

দলের কার্যনির্বাহী সংসদের একাধিক জ্যেষ্ঠ নেতা  বলেন, নির্বাচনকালীন সহায়ক সরকার দাবি বিএনপির জন্য আবারো ‘ফাঁদ’ হতে পারে। কারণ বিগত নির্বাচনের মতো আগামী নির্বাচন অনুষ্ঠানেও আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না। দশম সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের অংশী হতে প্রধানমন্ত্রী বিএনপিকে যেমন আহ্বান জানিয়েছিলেন; সংসদের বাইরে থাকায় এবার তেমনটিও হবে না। তাই বিএনপি সহায়ক সরকার দাবিতে অনড় হলে তাদের ছাড়াই আবারো নির্বাচনের পথে হাঁটতে হতে পারে সরকারকে। তবে শাসক দলের নেতারা মনে করেন, দরকষাকষির জন্যই খালেদা জিয়া সহায়ক সরকারের দাবি সামনে নিয়ে আসছেন।

আওয়ামী লীগের বিভিন্ন স্তরের কয়েক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, আগামী জাতীয় নির্বাচন ও বিএনপিকে ঘিরে আওয়ামী লীগের দুটি চিন্তা। বর্তমান সংবিধান ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে এলে, ভোটযুদ্ধে বিএনপির সঙ্গে মহাজোটগত মুখোমুখি হবে আওয়ামী লীগ। আর সহায়ক সরকার দাবিতে অনড় থাকলে খালেদা-তারেক জিয়ার বাইরে বিএনপির একটি বড় গোষ্ঠীকে নিয়ে নির্বাচন অনুষ্ঠানের পথে যাবে আওয়ামী লীগ সরকার।

সহায়ক সরকারের দাবি নিয়ে বিএনপি রিজিড (অনড়) হলে নির্বাচনী রাজনীতিতে তাদের মোকাবিলা সহজ হবে বলে মনে করছেন আওয়ামী লীগের নীতি নির্ধারক মহল। দলের নেতারা বলছেন, বিএনপি যদি এ দাবিতে আবারো কট্টর হয়ে পড়ে তাহলে বিগত নির্বাচনের মতো এবারো নির্বাচনী ট্রেন মিস করবে দলটি। সহায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না- এমন কট্টর অবস্থায় গেলে সরকারের লিয়াজোঁতে বিএনপির বর্তমান শীর্ষ নেতৃত্বের প্রতি অনাস্থা জ্ঞাপন করে বিএনপির একটি অংশ নির্বাচনমুখী হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে তাদেরকে কিছুটা ছাড় দিয়ে এমপি নির্বাচিত করা হবে। সে হিসেবে আওয়ামী লীগের প্রথম সারির নেতা থেকে বর্তমান অন্তত এমন ৫০ জন এমপিকে ছাড় দিতে হতে পারে। তাদের আসনে বিএনপি থেকে বেরিয়ে আসা এসব নেতারা নির্বাচিত হয়ে আসবেন। এতে দেশ-বিদেশে সমালোচনা এড়ানো সহজ হবে বলে মনে করছেন সরকারের নীতি নির্ধারকরা। বিএনপির বর্তমান কমিটির বেশ ক’জন নেতা, পূর্ণাঙ্গ কমিটিতে প্রত্যাশিত পদ না পেয়ে নিস্ক্রিয় ও সংস্কারপন্থি বলে কোণঠাসা এমন শ’ খানেক নেতা এ তালিকায় রয়েছেন।

আওয়ামী লীগ নেতারা বলছেন, এ বিষয়টি টের পেয়ে বিএনপি চেয়ারপার্সন তার দলের সংস্কারপন্থি নেতাদের কাছে টানছেন। মধ্যরাতেও কয়েক জনের সঙ্গে বৈঠক করেছেন। দলটির মহাসচিবও সংস্কারপন্থি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। দলের মূল স্রোতে নেয়ার আশ্বাস দিয়েছেন। বিএনপির শীর্ষ পর্যায় থেকেও সরকারের গতিবিধিতে সন্দেহ পোষণ করে বলা হয়েছে- ‘বিএনপিকে ছাড়া আরেকটি নির্বাচন করতে চায় সরকার।’

সূত্র জানায়, বিএনপির সাংগঠনিক দুর্বলতাকে বড় পুঁজি মনে করছে আওয়ামী লীগ। দলের নেতারা বলছেন, সহায়ক সরকারের ধারণাটিই বিএনপি এখনো খোলাসা করতে পারেনি। তাদের ভিশন-২০৩০ আর সহায়ক সরকার দাবির সাযুজ্যই বা কী তাও অস্পষ্ট। আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভিশন-২০২১ এবং উন্নত দেশ গড়ার ভিশন-২০৪১ দেশের জনগণ গ্রহণ করেছে। বিষয়টি প্রতিষ্ঠিত। তাই নতুন কোনো ভিশন নিয়ে কোণঠাসা বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করছেন না ক্ষমতাসীনরা।

আওয়ামী লীগ নেতারা বলছেন, আন্তর্জাতিকভাবেও বিএনপি সুবিধা করে উঠতে পারবে না। বাংলাদেশের রাজনীতিতে প্রভাব রাখতে পারে প্রাচ্য ও পাশ্চাত্যের এমন প্রভাবশালী দেশগুলোর সঙ্গে আওয়ামী লীগ একটি ‘ব্যালেন্স’ সম্পর্ক রক্ষা করে পথ চলছে। তারপরও আন্তর্জাতিক অঙ্গনে বিএনপি যেন নিজেদের জন্য সুবিধাজনক কোনো দাবি উত্থাপন করতে না পারে- এজন্য আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে বিএনপিকে বলা হচ্ছে- ‘নালিশ পার্টি’। দলের নেতারা বলছেন, দেশের রাজনীতিতে কোণঠাসা থাকা বিএনপির মনোবলে আরো আঘাত করতেই আওয়ামী লীগ এভাবে কটাক্ষ করছে। যেন আন্তর্জাতিক অঙ্গনে দলটি নিজেদের পক্ষে কোনো দাবি উত্থাপন করতে না পারে সেজন্য প্রতিনিয়ত তাদের এভাবে কটাক্ষ করা হচ্ছে। এছাড়া সংসদের বাইরে থাকায় কোনো বিদেশি প্রতিনিধির সঙ্গে সহজে যেন বিএনপি চেয়ারপার্সন দেখা করতে না পারেন সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোও সেভাবে কাজ করছে বলে দলের নেতাদের দাবি।

আওয়ামী লীগ নেতারা বলছেন, এসবের পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সামনে ঝুলছে বেশ কয়েকটি মামলার খড়গ। সরকারের সঙ্গে দর কষাকষিতে বিএনপি যতই কট্টর হবে ভোটের মাঠে শাসক গোষ্ঠীর জন্য ততটাই সুবিধা হবে- এমন ভাবনা আওয়ামী লীগের।

পূর্বাশানিউজ/০৪-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি