
পূর্বাশা ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘কিছু দিনের’ মধ্যেই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামে দলীয় কার্যালয় নাসিমন ভবন প্রাঙ্গনে নগর বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, “অনেকে বলছে- আপনারা নির্বাচনে যাবেন না? যদি সুষ্ঠু নির্বাচন হয়, জনগণ ভোট দিতে পারে তাতে যেতে বিএনপি রাজি।
“নির্বাচন নিয়ে নানা রকম ষড়যন্ত্র করা হচ্ছে, গায়ের জোরে টিকে থাকার জন্য। দেশনেত্রী নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করার প্রস্তাব দিয়েছিলেন। তা সরকার রাখে নাই।”
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে নিয়ে প্রশ্ন তুলে এই বিএনপি নেতা বলেন, “একজন আমলা যিনি জনতার মঞ্চে উঠেছিলেন সেই চিহ্নিত সাবেক আমলাকে প্রধান নির্বাচন কমিশনার করেছেন। উদ্দেশ্য তাকে দিয়ে ভোট লুট করতে হবে।
“নির্বাচন কমিশনে যারা রয়েছেন তারা প্রশ্নাতীত নয়, আমরা তাদের সন্দেহ করি। কিন্তু এটাও বিশ্বাস করি, যদি নির্বাচনকালে একটি নিরপেক্ষ সরকার থাকে তাহলে নির্বাচন কমিশনও বাধ্য হবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে।
“সে লক্ষ্যে আগামী কিছু দিনের মধ্যেই দেশনেত্রী খালেদা জিয়া নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকারের একটি প্রস্তাব দেবেন।”
পাশাপাশি ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত করতে কী কী করতে হবে সে বিষয়ে খালেদা জিয়া ১০ এপ্রিল ‘ভিশন ২০৩০’ তুলে ধরবেন বলে জানান খন্দকার মোশাররফ।
বিএনপি চেয়ারপারসন নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দিলেই তা বাস্তবায়ন হবে না মন্তব্য করে তিনি বলেন, “আমরা রূপরেখা দিলাম আর শেখ হাসিনা সঙ্গে সঙ্গে মেনে নেবেন। এটা কেউ আশা করে না। তাই আগামী নির্বাচনের আগে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায় করতে হবে।”
এই দাবি আদায় করতে না পারলে ২০১৪ সালের মতো আবারও ‘ভোট ডাকাতির’ চেষ্টা হবে মন্তব্য করে খন্দকার মোশাররফ বলেন, “আপনি একবার এদেশের জনগণকে এবং বিদেশি বন্ধুদের ‘ব্লাফ’ দিয়েছেন, প্রতারণা করেছেন। দ্বিতীয়বার করতে পারবেন না। বিগত নির্বাচনের সময় শেখ হাসিনা বলেছিলেন, এটা নিয়ম রক্ষার নির্বাচন, আমরা অতি শীঘ্রই নির্বাচন দেব। কিন্তু শেখ হাসিনা দেয় নাই।”
২০১৪ সালের পর দেশে অনুষ্ঠিত কোনো স্থানীয় সরকার নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি অভিযোগ করে তিনি বলেন, “আগের দিন রাতে বাক্স ভর্তি করে কেন্দ্র দখল করে নিজেদের ভোট নিজেরা দিয়েছে।
“জনগণ ভোট দিলে তাদের কোনো পাত্তা থাকবে না। জনগণ ভোট দিতে পারলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের জামানত রক্ষা করা সম্ভব হবে না।”
গত শনিবার চট্টগ্রামেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের প্রতি ইঙ্গিত করে খন্দকার মোশাররফ বলেন, “উনি বলেছেন নির্বাচনে পাশ না করলে কর্মীদের পিঠের চামড়া থাকবে না। নিশ্চয় অপকর্ম, দুর্নীতি, লুটপাট করেছেন- তাই ধারণা হয়েছে পালাতে পারবেন না।”
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “এই সরকার ও সংসদের বৈধতা নেই। বৈধতার প্রশ্ন এমন পর্যায়ে গেছে যে, বাংলাদেশের জনগণ ও বিদেশি গণতান্ত্রিক শক্তির চাপে আছে।
“আরেকটি অবৈধ নির্বাচনের মাধ্যমে তাদের আবার ক্ষমতায় যেতে দেওয়া যাবে না। আগামী নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে গিয়ে প্রতিবাদী ভোট দিয়ে আসবে।”
আমীর খসরু বলেন, বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশন শক্তিশালী করার প্রস্তাব দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ ‘স্বভাবগতভাবে জনগণের ইচ্ছার বিরুদ্ধে’ নির্বাচন কমিশন গঠন করেছে।
“বিএনপি নাকি নির্বাচনে না গেলে নিবন্ধন চলে যাবে। আরে মশায়, বিএনপির নিবন্ধন বাংলাদেশের ১৬ কোটি মানুষের সাথে। নির্বাচন কমিশনের নিবন্ধন বিএনপির জন্য দরকারি কিছু নয়।”
নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার ও ড. সুকোমল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও হারুনুর রশিদ, মহিলা দল নেত্রী নুরই আরা ছাফা, নগরর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, শ্রমিক দলের শেখ নুরুল্লা বাহার, নগর মহিলা দল সভানেত্রী মনোয়ারা বেগম মনি প্রমুখ।
০৫/০৫/২০১৭/ Choity.

























































