শুক্রবার,২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপিকে চাঙা করার উদ্যোগ ‘ভন্ডুল’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০১৭


পূর্বাশা ডেস্ক:

আন্দোলন ও নির্বাচন সামনে রেখে নেতা-কর্মীদের চাঙা করতে বিএনপির নেওয়া উদ্যোগ ‘ভন্ডুল’ হয়ে গেছে। নির্ধারিত সময়ে অর্ধেক জেলায়ও কর্মিসভা করতে পারেনি দলটি। তা ছাড়া দলে ঐক্য গড়ার এই কর্মসূচিতে জেলার বিবদমান পক্ষগুলোর কোন্দল আরও স্পষ্ট হয়েছে। পক্ষগুলো নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে এবং কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জে ফেলেছে।

জেলা সফরের জন্য গঠিত টিমের আটজন নেতা বলেছেন, মূলত তিন কারণে তৃণমূলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রথমত, বিএনপির বেশির ভাগ জেলায় নতুন কমিটি হয়েছে। এরপরই কর্মিসভা হচ্ছে। ফলে বঞ্চিতরা পরিকল্পনা করেই সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। দ্বিতীয়ত, জেলা কমিটিগুলো কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে মাঠের নেতাদের ওপর কেন্দ্রীয় নেতাদের ক্ষোভ ছিল। এবং তৃতীয়ত, জেলার রাজনীতিতে বিবদমান পক্ষগুলো কেন্দ্রের কাছে এবং জেলার নেতা-কর্মীদের কাছে শক্তি দেখাতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ছে।

এদিকে আজ রোববার বিএনপির সব জেলায় কর্মিসভা করার সময়সীমা শেষ হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর ও জেলা কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দলটির ৭৭টি সাংগঠনিক জেলার মধ্যে গতকাল শনিবার পর্যন্ত ১৫টি জেলায় কর্মিসভা হয়েছে। আজ আরও চারটিতে সভা হবে। চট্টগ্রাম উত্তর জেলা, চট্টগ্রাম দক্ষিণ জেলা, চট্টগ্রাম মহানগর, কিশোরগঞ্জ, পাবনা, ঝিনাইদহ, যশোর, বরিশাল, শেরপুর, খুলনা, টাঙ্গাইল, মাদারীপুর, বরিশাল মহানগর উত্তর ও দক্ষিণ জেলায় কর্মিসভা করেছে বিএনপি। এর মধ্যে চট্টগ্রাম, ঝিনাইদহ ও বরিশালে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে। আজ শেষ দিনে ঢাকা মহানগর দক্ষিণ, সিলেট জেলা, ফরিদপুর ও নারায়ণগঞ্জে সভা করার কথা রয়েছে। অনুমতি না পাওয়ায় নাটোরে কর্মসূচি করতে পারেনি দলটি।

চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা এবং ঝিনাইদহে কর্মিসভায় দলটির নেতা-কর্মীদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩২ জন আহত হন। চট্টগ্রাম উত্তরে সংঘর্ষের কারণে কর্মিসভা হয় সংক্ষিপ্ত। সংঘর্ষের মুখে চট্টগ্রাম দক্ষিণের কর্মিসভায় কেন্দ্রীয় নেতারা যাননি।

কর্মিসভা করতে পারেনি এমন আরও চারটি জেলা ঢাকা উত্তর, সিলেট মহানগর, কক্সবাজার, নেত্রকোনা নির্ধারিত সময়ের পর সভা করার ঘোষণা দিয়েছে। বাকি ৫৩টি জেলায় কবে কর্মিসভা হবে, সে ব্যাপারে কেন্দ্র থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম দাবি করেন, আজ রোববারের মধ্যে ৭০ শতাংশ জেলায় কর্মসূচি শেষ হবে। পরিস্থিতির কারণে সব জায়গায় নির্ধারিত সময়ে কর্মসূচি হয়নি। অনেকে সময় চেয়ে নিয়েছে। সব জায়গায় ১৫ মের মধ্যে কর্মসূচি শেষ হবে। হাওর অঞ্চলে একটু সময় নিয়ে কর্মসূচি হবে।

গত ২২ এপ্রিল থেকে ৭ মে—এই সময়ের মধ্যে ৭৭টি সাংগঠনিক জেলায় কর্মিসভা করার জন্য কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ৫১টি দল গঠন করেছিল বিএনপি। ১৮ এপ্রিল দলনেতাদের এ-সংক্রান্ত যে চিঠি দেওয়া হয়েছিল, তাতে ‘দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, দলের অবস্থান ও দলের ঐক্য’ নিয়ে বক্তব্য দিতে নির্দেশনা দেওয়া হয়। ২৫ এপ্রিল এই কমিটিগুলো গঠনের ঘোষণা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘আন্দোলন, নির্বাচন সব বিষয়ে আলোচনা হবে এবং আমরা আশা করছি, এই সফরের ফলে আমাদের দলের ঐক্য আরও বৃদ্ধি পাবে। আমাদের নেতা-কর্মীরা আরও উজ্জীবিত হবেন।’

কিন্তু মাঠে নেমে বাস্তবতা টের পেয়েছে বিএনপি। দীর্ঘদিন পরে এত বড় একটি সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করেও ‘ব্যর্থ’ হতে হয়েছে দলটিকে।

জানতে চাইলে বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি সব জেলায় কর্মিসভা করতে পারবে, এমনটা তাঁর মনে হয়নি। তিনি বলেন, ঘোড়া বা ইঞ্জিন ছাড়া শুধু গাড়ি ছেড়ে দিলে তা চলবে না। বিএনপির ঘোড়া বা ইঞ্জিন হলেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁকে বের হতে হবে, দু-চারটা জায়গায় যেতে হবে। তাহলে দলীয় কোন্দল, সংঘর্ষ এসব কমে যাবে।

অবশ্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বড় দলে নেতৃত্বের প্রতিযোগিতার কারণে কিছু সমস্যা থাকে। সংঘর্ষের বিষয়টি নিয়ে তাঁরা উদ্বিগ্ন বা চিন্তিত নন। সংগঠন ‘ভাইব্র্যান্ট’ আছে বলে এ ধরনের কিছু ঘটনা ঘটছে। এ কারণে কর্মসূচি হোঁচট খেয়েছে বা বিএনপির উদ্দেশ্য ব্যাহত হবে, তা নয়। অবশ্য তিনি এও বলেন, নেতৃত্বে ‘সেশনজট’ হওয়ায় কিছুটা সমস্যা তৈরি হয়। আওয়ামী লীগেও এটি আছে। এ কারণে কিছু সমস্যা থাকতে পারে।

বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্র বলেছে, মুখে না বললেও আন্দোলন বা নির্বাচন সামনে রেখে তৃণমূলের নেতাদের দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নেওয়ার বিষয়টি বিএনপিকে চিন্তায় ফেলেছে। নতুন কমিটি দেওয়ায় আরও কয়েকটি জেলায় এ ধরনের পরিস্থিতি হতে পারে। সামনে এ ধরনের ঘটনা এড়াতে কিছু সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ইতিমধ্যে নেতাদের মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, তাঁরা যাতে জেলায় যাওয়ার আগে প্রয়োজনে ঢাকায় জেলার বিবদমান পক্ষগুলোকে ডেকে একসঙ্গে বসেন। সবার সঙ্গে কথা বলে সব ঠিক করে তারপর কর্মিসভায় যান। এই নির্দেশনার ভিত্তিতে গত বুধবার নেত্রকোনার নেতাদের নিয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ঢাকায় বৈঠক করেছেন। এ ছাড়া যাঁরা শৃঙ্খলাবিরোধী কাজ করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ (প্রিন্স)  বলেন, কর্মিসভা করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বসে সমন্বয় করার জন্য নেতাদের বলা হয়েছে।

পূর্বাশানিউজ/০৭-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি