মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

বাঙালীর প্রাণের কবি, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ ৮ মে সোমবার ১৫৬তম জন্মবার্ষিকী। ১২৬৮ বঙ্গাব্দের (১৮৬১ খ্রিষ্টাব্দ) পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুরবাড়িতে বাংলা ভাষা, সাহিত্য ও সঙ্গীতের এই কিংবদন্তি জন্মগ্রহণ করেছিলেন।

সাহিত্যের প্রত্যেক শাখাতেই ছিল তার উপস্থিতি। বিস্ময়কর সৃজনী প্রতিভা দিয়ে তিনি সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যকে। তার কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, নাটক, সংগীত, শিশুতোষ রচনা, পত্রসাহিত্য বাংলা সাহিত্যের অমর সংযোজন।

গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে প্রথম বাঙালি হিসেবে নোবেল সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। স্বকীয় নান্দনিক ভাবনায় তিনি সমৃদ্ধ করেছেন চিত্রকলাকেও। তার লেখা গান আমাদের জাতীয় সংগীত। বাঙালির মহান মুক্তিসংগ্রামে রবীন্দ্রনাথের গান জুগিয়েছে প্রেরণা।

সাহিত্য-সংস্কৃতির বাইরেও তিনি সাংগঠনিক কাজ ও সামাজিক উদ্যোগে কৃষক ও পল্লি উন্নয়নের কথা ভেবে তিনি চালু করেছিলেন কৃষিঋণ-ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা। তার বিচরণ থাকায় প্রতিষ্ঠা করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কবিগুরুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাণী দিয়েছেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেছেন, রবীন্দ্রনাথ মানবতাবাদী ও অসাম্প্রদায়িক চেতনার কবি। জীবনের আনন্দ-বেদনা, আশা-নিরাশা, সংকট-সাফল্যে, উৎসব-পার্বণে রবীন্দ্রনাথ বাঙালির পরম আশ্রয়।

পৃথক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ও বাঙালির অহংকার। আমাদের মননে বিশ্বকবির ব্যঞ্জনাময় উপস্থিতি শোষণ, বঞ্চনা, সাম্প্রদায়িকতা, সহিংসতা ও অমানবিকতা প্রতিরোধের মাধ্যমে বাঙালির অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে।’

কবিগুরুর জন্মদিনটিকে ঘিরে বরাবরের মতোই আজ সারা দেশে আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হবে জন্মদিনের উৎসব।

০৮ মে ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি