রবিবার,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


সরকার অর্থনীতির বারোটা বাজিয়েছে: রিজভী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বর্তমান সরকার অর্থনীতির বারোটা বাজিয়ে দেশের প্রবৃদ্ধি নিয়ে চরম মিথ্যাচার করছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন রিজভী।

রিজভী বলেন, রবিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী দাবি করেছেন- বর্তমান অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২৪ শতাংশ। অথচ গতকালই বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে, বর্তমান অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে সর্বোচ্চ ৬ দশমিক ৮ শতাংশ।

বাস্তবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্ব ব্যাংকের পূর্বাভাস থেকেও আরও কম বলে জানান রিজভী। কারণ ভোটারবিহীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই লুটপাটের মাধ্যমে আর্থিক খাতকে ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধনও বর্তমান শাসকগোষ্ঠী খেয়ে ফেলেছে। আস্থার সংকটে বর্তমানে আর্থিক খাতে দেশি-বিদেশি বিনিয়োগ প্রায় শুন্যের কোঠায়।

তিনি আরও বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। অন্যদিকে রপ্তানি আয়েরও অবস্থা খারাপ। বর্তমানে ভয়াবহ দু:শাসনে বিনিয়োগবান্ধব পরিবেশ না থাকায় পোশাক রপ্তানি খাত অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। এরইমধ্যে লুটপাটের কয়েক লাখ কোটি টাকা পাচার হয়ে যাওয়ার খবরে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন-দেশ এগিয়ে যাচ্ছে, আসলে পেছনের দিকে নাকি সামনের দিকে সেটা স্পষ্ট করেননি। দেশি-বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর মতে দেশের উন্নয়নের আর্থিক সূচকগুলো নিম্নমুখী। এর আরেকটি বড় কারণ স্বয়ং অর্থমন্ত্রীও বলেছেন- দেশে কোনো বিনিয়োগ হচ্ছে না, রেমিটেন্স কমছে, রপ্তানি কমছে। এই যদি আর্থিক চিত্র হয়, তাহলে উন্নয়ন কী আকাশে হচ্ছে? আসলে উন্নয়ন হচ্ছে সরকারি দলের নেতাকর্মীদের, রাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানগুলোর দাক্ষিণ্যে তারা মোটাতাজা হচ্ছেন।

পূর্বাশানিউজ/১৫-,মে ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি