
পূর্বাশা ডেস্ক:
আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে চ্যালেঞ্জিং। তাই আগামীতে প্রার্থী হওয়ার ক্ষেত্রে দলীয় মন্ত্রী ও এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় মন্ত্রীদের এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, এলাকার সঙ্গে যোগাযোগ না থাকলে, এলাকাবাসীর আস্থাভাজন না হলে, এলাকার মানুষ তাদের প্রয়োজনে এমপি-মন্ত্রীকে কাছে না পেলে, আগামী নির্বাচনে তাদেরকে মনোনয়ন দেয়া হবে না। আগামী নির্বাচনে মনোনয়ন পেতে হলে অবশ্যই দলীয় শৃঙ্খলা, দলীয় হাইকমান্ডের নির্দেশনা ও স্থানীয় কমিটির নেতাদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে হবে। মোটকথা তৃণমূলের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। একাধিক সিনিয়র মন্ত্রীর সঙ্গে আলাপ করে অনির্ধারিত আলোচনা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। সিনিয়র মন্ত্রীদের সূত্রে জানা গেছে, মন্ত্রীদের মাধ্যমে এমপিদের সতর্ক বার্তা পৌঁছানোর সময় প্রধানমন্ত্রীকে বেশ সিরিয়াস মনে হয়েছে। প্রধানমন্ত্রী সতর্কতার পাশাপাশি মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাপক। এসব উন্নয়ন কর্মকাণ্ডের কথা জনগণকে জানাতে হবে। জনগণের জন্য সরকারের উদ্যোগ এবং সফলতা সম্পর্কে এলাকার মানুষকে তাদের দুয়ারে গিয়ে বোঝাতে হবে। তবেই আগামীতে সফলতা আসবে। অন্যথায় সফলতা আসবে না। প্রধানমন্ত্রী বলেন, অনেক এমপি-মন্ত্রী আছেন, ২০১৪ সালে তারা কিভাবে নির্বাচিত হয়েছেন, তা বুঝে উঠতেই পারেননি। আগামী নির্বাচন কিন্তু সেরকম হবে না। আগামী নির্বাচন চ্যালেঞ্জিং হবে।’ এখন থেকেই সেই পরিস্থিতি মোকাবিলায় আপনাদের কঠোর প্রস্তুতি নিতে হবে। মন্ত্রিসভার সদস্য সূত্রে জানা গেছে, বৈঠকে খালেদা জিয়ার ‘ভিশন-২০৩০’ নিয়েও অনির্ধারিত আলোচনা হয়। মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রী বিএনপি’র ভিশন সম্পর্কে বলেন, আমাদের কাছ থেকে ধারণা নিয়ে বিএনপি ভিশন-২০৩০ প্রণয়ন করেছে। এখানে বিএনপির কোনো নিজস্বতা নেই।
১৬ মে ২০১৭, মঙ্গলবার/ Choity.























































