
পূর্বাশা ডেস্ক:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজাকারের সঙ্গী, রাজাকারের প্রধান পৃষ্ঠপোষক, যুদ্ধাপরাধীদের ঘনিষ্ঠ মিত্র আখ্যা দিয়ে তাকে বর্জনের ব্যাপারে গণমাধ্যমকে সিদ্ধান্ত নেয়ার তাগিদ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত যতদিন নিতে না পারবেন, ততদিন একবার রাজাকারের সরকার একবার মুক্তিযুদ্ধের সরকার এই মিউজিক্যাল খেলা চলতেই থাকবে এবং বাংলাদেশ অস্থিতিশীল হবে।’
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ঢাকা সাব এডিটর্স কাউন্সিলের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা যেমন রাজাকারদের নামের সামনে রাজাকার লেখেন, তেমনি রাজাকার সঙ্গী খালেদা জিয়া এই বিশেষণটা লাগান না কেন? বেগম খালেদা জিয়াকে বলেন জাতীয় নেত্রী, রাজাকার সঙ্গী বেগম খালেদা জিয়া এই বিশেষণ লাগান না কেন?’।
খালেদা জিয়াকে ‘আগুন সন্ত্রাসী’ আখ্যা দিয়ে উন বলেন, ‘উনি ৯৩ দিন আগুন সন্ত্রাসীদের নেতৃত্ব দিয়েছেন। আগুন সন্ত্রাসের নেতা খালেদা জিয়া। যখন আপনি বলেন যুদ্ধাপরাধী গোলাম আযম, দুর্নীতিবাজ ওমুক, খালেদা জিয়ার নামে যখন এই বিশেষণে দিচ্ছেন তখন একটু হাত কাঁপে! গলা কাঁপে! এটা হয় না।’
দেশের চলমান প্রবৃদ্ধি অব্যাহত রাখতে রাজাকার সঙ্গীদের বর্জনের আহ্বান জানিয়ে ইনু বলেন, ‘আমরা যা প্রত্যাশা করি নাই তারচেয়ে বেশি প্রবৃদ্ধি শেখ হাসিনা সরকার দেখিয়ে দিয়েছেন। এই প্রবৃদ্ধির ধারা যদি অব্যাহত রাখতে চান, তাহলে আর রাজাকারের সরকার বাংলাদেশে আসবে না সেই গ্যারান্টি অর্জন করতে হবে। সেই গ্যারান্টি অর্জন করতে হলে রাজাকার যেমন বর্জন করবেন, রাজকারের সঙ্গী যারাই হোক তাদেরকেও একঘরে করতে হবে, বর্জন করতে হবে।’
২০১৯ সালে বাংলাদেশে কোন রাজাকার সমর্থিত সরকার ক্ষমতায় দেখতে চাই না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘চাই না বলেই ওই শক্তিকে বর্জনের কথা বলছি। যারা চুরি করেছে, যারা আগুন দিয়ে মানুষ পুরিয়েছে, যারা গুপ্তহত্যা করেছে, যারা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল তারা শীর্ষ পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ এবং জামায়াতের নেতৃবৃন্দ।’
ঢাকা সাব এডিটর্স কাউন্সিলের সভাপতি কে এম শহিদুল হকের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ দারা বক্তব্য প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।রুবেল মজুমদার























































