শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আরেক ‘বিস্ফোরণ’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৫.২০১৭


পূর্বাশা ডেস্ক:

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আরেক ‘বিস্ফোরণ’ ঘটেছে। এবার বেরিয়ে এসেছে আরেক নতুন গোয়েন্দা তথ্য। তাতে বলা হচ্ছে, বরখাস্ত করা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের রাশিয়া কানেকশন নিয়ে তদন্তের ইতি টানতে এফবিআইয়ের (সাবেক) পরিচালক জেমস কমি’কে নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মাইকেল ফ্লিনকে বরখাস্ত করার একদিন পরেই এফবিআইয়ের তৎকালীন পরিচালক জেমস কমি’র সঙ্গে বৈঠকে বসেন প্রেসিডেন্ট ট্রাম্প। তখনই তিনি এ নির্দেশ দেন। বৈঠকের পরই এ কথা নথিভুক্ত করেছেন জেমস কমি। লিখিতভাবে তা নথিভুক্ত করে রেখেছেন। ওই মেমো’টি যুক্তরাষ্ট্রের মিডিয়ায় প্রকাশ হওয়ায় তোলপাড় চলছে। ডেমোক্রেটরা এর সুষ্ঠু তদন্ত দাবি করেছে। একই সঙ্গে ট্রাম্পের ওই নির্দেশকে তারা সুবিচারের অন্তরায় বলে আখ্যায়িত করেছে। এমন খবরে এশিয়ার শেয়ার বাজারে আজ বুধবার ডলার হোঁচট খেয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, অনলাইন সিএনএন, বিবিসি। তৎকালীন এফবিআই পরিচালক কমি’কে ট্রাম্পের দেয়া নির্দেশ নিয়ে তোলপাড় চলছে রাজনীতিতে। গত এক সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প বরখাস্ত করেছেন জেমস কমি’কে। এরপর তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও রাষ্ট্রদূত সের্গেই কিসলায়েকের সঙ্গে আইএস নিয়ে স্পর্শকাতর গোপন তথ্য নিয়ে আলোচনা করেছেন বলে অভিযোগ আছে। এসব নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে যখন ঘূর্ণি বাতাস তখনই মাইকেল ফ্লিনের রাশিয়া সংশ্লিষ্টতার তদন্ত বন্ধা সংক্রান্ত ট্রাম্পের এই নির্দেশ ফাঁস হয়ে গেল। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এমন কোন নির্দেশ দেন নি বলে দাবি করেছে হোয়াইট হাউজ। সেখান থেকে দেয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল ফ্লিনের (রাশিয়া) সংশ্লিষ্টতা সহ যেকোন রকমের তদন্ত বন্ধ করার জন্য মিস্টার কমি বা কাউকে কখনো নির্দেশ দেন নি প্রেসিডেন্ট।

১৭ মে ২০১৭, বুধবার/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি