
পূর্বাশা ডেস্ক:বিএনপির দেওয়া ভিশন-২০৩০ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৭ মে বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জাতিকে একটি স্বপ্ন দেখিয়েছেন, যাকে আমরা ভিশন-২০৩০ বলেছি। অর্থাৎ ২০৩০ সালে তিনি বা তার দল বাংলাদেশকে কী রকম দেখতে চান, তার একটি রূপরেখা দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগ বলছে আমরা তাদের অনুসরণ করছি। এর মধ্য দিয়ে জনগণকে তারা বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন।
মির্জা ফখরুল আরও বলেন, আমরা পরিষ্কার বলেছি, যে ভিশন-২০৩০ দেওয়া হয়েছে, এটি একটি স্বপ্ন, প্রস্তাব। যদি আমরা জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তখন কাজগুলো কীভাবে করব, কত দূর পর্যন্ত কাজ হতে পারে, তার একটি পরিকল্পনা দেওয়া হয়েছে। এর ওপর আলোচনা হতে পারে। কিছু সংযোজন হতে পারে, কিছু কিছু বাতিলও হতে পারে।
‘কিন্তু এ নিয়ে আওয়ামী লীগ কোনো আলোচনায় না গিয়ে সরাসরি একে বাতিল করে দিচ্ছে এবং কুতর্ক করছে।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ।
রুবেল মজুমদার























































