শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিয়ের আসর থেকে বরকে তুলে নিলেন প্রেমিকা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

‘রিভলবার রানি’ সিনেমার মতোই মাথায় পিস্তল ঠেকিয়ে উত্তর প্রদেশের বুন্দেলখন্ডে এক নারী বিয়ের আসর থেকে বরকে তুলে নিয়ে যান। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় তাঁর সঙ্গী ছিলেন দুজন তরুণ।

দামি ব্র্যান্ডের একটি গাড়ি নিয়ে বিয়ের আসরে ঢোকেন ওই নারী। বরের মাথায় পিস্তল ঠেকিয়ে তিনি বলেন, ‘এই লোকটা আমাকে ভালোবাসে, কিন্তু অন্য একজনকে বিয়ে করে সে আমার সঙ্গে প্রতারণা করছে। আমি এটা হতে দেব না।’
২৫ বছর বয়সী ওই নারী দুজন যুবককে সঙ্গে করে নিয়ে যান। বিয়ের মণ্ডপ বা বেদি থেকে বরকে গাড়িতে তুলে চলে যান।
স্থানীয় লোকজন বলেন, এখন পর্যন্ত নিখোঁজ অশোক যাদব নামের ওই বর। কয়েক মাস আগে অশোকের কর্মস্থলে অপহরণকারীর সঙ্গে দেখা হয় তাঁর। দেখা থেকে প্রেম। আবার অনেকে বলছে, গোপনে তাঁরা বিয়েও করেছেন। কিন্তু পরিবারের চাপে অশোক তাঁদের পছন্দে অন্য এক তরুণীকে বিয়ে করতে রাজি হন।
মণ্ডপ থেকে জিপটি চলে যাওয়ার পর কান্নারত কনে ভারতী যাদব নিজের ভাগ্যকেই দোষেন। তিনি বলেন, তাঁর ভাগ্যে যা ঘটেছে, তা শত্রুর জীবনেও হোক, এমন কিছু চাইবেন না।
এ ঘটনায় রামহেত যাদব বলেন, ‘আমার ছেলের মধ্যে অবশ্যই সন্দেহজনক কিছু ছিল। সে যেখানে কাজ করে, সেখানে তাকে আমি দেখতে গেলে সে আমাকে তার বাসায় নেয়নি। বরং আমরা একটা মন্দিরে দেখা করি। খাবারের দোকান থেকে খাইয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দেয়।’
কনের পরিবার বরকে অপহরণের অভিযোগে মামলা করেছে। পুলিশ ঘটনার জন্য বিচারের প্রতিশ্রুতি দিলেও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা এই ‘রিভলবার রানি’র প্রশংসা করেন। একজন বলেন, ‘তিনি যা করেছেন, তা থেকে অন্য নারীরা শিক্ষা নিতে পারেন। প্রতারণা করলে সবাইকেই শাস্তি পেতে হবে।’

পূর্বাশানিউজ/১৮-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি