
পূর্বাশা ডেস্ক:
যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে একটি বাণিজ্যিক বিমানের সাথে একটি সরবরাহ ট্রাকের সংঘর্ষে আটজন আহত হয়েছেন।
দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যম সিটি নিউজ সার্ভিস জানিয়েছে, শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার আগে এরোমেক্সিকো ফ্লাইট ৬৪২ বিমানটি অবতরণ করার পর রানওয়ে ২৫ রাইটের কাছে ওই ট্যাক্সিওয়েতে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি মেক্সিকো সিটি থেকে আসছিল।
লস অ্যাঞ্জেলেস দমকল বিভাগের ব্রাইন হামফ্রেই বলেন, সংঘর্ষের পর সরবরাহ ট্রাকটি উল্টে যায়। এতে দুই নারীসহ ট্রাকটির আট আরোহী আহত হন।
তিনি আরো বলেন, ‘এই ঘটনায় নারী দু’জন মারাত্মক আহত হয়েছেন। পুরুষরা সামান্য আঘাত পেয়েছেন।’
বিমানটিতে আনুমানিক ১৪৬ আরোহী ছিল। তবে এই ঘটনায় বিমানের কোন যাত্রী বা ক্রু’র আহত হওয়ার কথা জানা যায়নি।
পূর্বাশানিউজ/২১-,মে ২০১৭/মাহি
























































