
পূর্বাশা ডেস্ক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার চায় না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছে বিএনপি। সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনে সিইসি কে এম নূরুল হুদার হাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই চিঠি তুলে দেয় দলটির তিন সদস্যের এক প্রতিনিধিদল।
এ সময় বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে সিইসির ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কেন্দ্রীয় নেতা সুজা উদ্দিন।
সিইসির সঙ্গে বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, সিইসিকে বলেছি ইভিএম আমরা চাই না, আগামী সংসদ নির্বাচনে এর ব্যবহার যেন না হয়।
বিএনপির এ নেতা বলেন, ‘ব্যালটের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু করার জন্য আরপিও সংশোধনের সুযোগ রয়েছে। আইন সংস্কার নিয়ে আমরা কথা বলব। সিইসি বলেছেন- ইসির প্রস্তাবিত সংস্কার বইয়ের মতো করে রাজনৈতিক দলসহ সবার কাছে পাঠানো হবে, সংলাপে তাদের মতামত নেবেন। আমরা সেখানে পরামর্শ দেব।’
ইসির সংলাপে অংশগ্রহণ সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, আমরা আসব, আলোচনা করব। শুধু আমরা নই সব রাজনৈতিক দলকে আহ্বান জানাবেন। আমরা নির্বাচন চাই, নির্বাচনেও অংশ নেব। এর জন্য পরিবেশও চাই।
২২/০৫/২০১৭/ Choity.

























































