শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশের রাজনীতিতে হেফাজতের অবস্থান কোথায় ?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কওমি মাদ্রাসাভিত্তিক ভোট পুঁজি করে হেফাজতে ইসলাম দেশের বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির কাছ থেকে সুবিধা আদায় করছে বলে মত বিশ্লেষকদের। সংগঠনটিকে কাছে টানার এই প্রবণতা দেশের ভবিষ্যত রাজনীতির জন্য অশনি সংকেত বলেও সতর্ক করছেন তারা। তবে হেফাজতের দাবি ক্ষমতায় থাকা ও আসার স্বার্থেরই তাদের সমর্থন আদায়ের চেষ্টা করছে দলগুলো।

শাপলা চত্বর তা-বের শুরুতে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের দাবি-দাওয়ার প্রতি সমর্থন দেয় বিএনপি। পাশে থাকার চেষ্টা করে এরশাদের জাতীয় পার্টিও। তবে তা-ব-পরবর্তী অভিযানে হঠে গেলে নানামুখি সমালোচনায় কোণঠাসা হয়ে পড়ে সংগঠনটি।

দীর্ঘদিন আলোচনায় না থাকা হেফাজত, কওমি মাদ্রাসার সনদ স্বীকৃতির প্রশ্নে দাওয়াত পায় গণভবনে। দাওরায়ে হাদিস সনদকে দেয়া হয় মাস্টার্সের সমমান। সামনে আসে ক্ষমতাসীন দলের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি। আর এর সূত্র ধরেই আবারও যোগাযোগ বাড়ায় বিএনপি। পিছিয়ে নেই জাতীয় পার্টিও।

হেফাজতে ইসলাম রাজনৈতিক দলগুলোর দেয়া এই বাড়তি গুরুত্বের সুযোগ নিচ্ছে বলে মত রাজনীতিক ও বিশ্লেষকদের।

সিপিবির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান বলেন, ‘সবার সাথে তারা যোগাযোগ করছে তারমানে তাদের কাছে কোন নীতি নাই, কোন আদর্শ নাই। এই দলগুলির তো নীতি আছে, আদর্শ আছে। কিন্তু সেটা বাদ দিয়ে তারা সবার সাথে যোগাযোগ করছে। তারমানে তারা সুবিধাবাদি’।

সুজনের সভাপতি বদিউল আলম মজু“ার বলেন, ‘ধর্মের প্রতি দুর্বলতা, ধর্মের প্রতি অনুরাগ কিংবা ধর্মের ভিত্তিতে উগ্রতা তারা এটারই সুযোগ নিচ্ছে। তারা রাজনৈতিক ইসলাম প্রতিষ্ঠার সুযোগ নিচ্ছে।

তবে সুবিধা আদায়ের এই অভিযোগ নাকচ করছে সংগঠনটি। তাদের দাবি, কওমি মাদ্রাসাভিত্তিক ভোটের সুবিধা নিতেই ঘনিষ্ঠতা বাড়াতে তৎপর রাজনৈতিক দলগুলো।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘হেফাজতে ইসলামের একটা নিজস্ব ভোট ব্যাংক আছে। এই ভোট ব্যাংকের প্রতি প্রত্যেক রাজনৈতিক দলের আগ্রহ আছে। হেফাজতে ইসলাম কোন রাজনৈতিক দলের কাছে যাবে না। রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থে হেফাজতের কাছে আসবে’।

এদিকে হেফাজতে ইসলামের আর্দশ বা ১৩ দফা দাবিকে অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য হুমকি মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে বড় দলগুলোর গুরুত্ব পেতে থাকলে রাজনীতিতে বিপজ্জনক হয়ে উঠতে পারে হেফাজত।

২৩/০৫/ ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি