
পূর্বাশা ডেস্ক:
কালো টাকা ও দুর্নীতি রুখতে গত বছর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর থেকেই নোট সমস্যায় ভুগতে হয়েছে প্রায় সকলকেই । সেই বাতিল ৫০০ টাকার নোট দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে নজর কেড়েছে ওড়িশার ১৭ বছরের কিশোর লছমন দুন্ডি।
লছমন খারিয়ার কলেজের ছাত্র। তিনি জানিয়েছেন, পুরনো ৫০০ টাকার একটি নোট দিয়ে সে ৫ ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন। লছমন জানিয়েছেন, ‘নোটের উপর সিলিকন কোটিং রয়েছে। সেটি ব্যবহার করেই বিদ্যুৎ তৈরি করেছি। প্রথমে নোটটি ছিঁড়ে ফেলি যাতে সিলিকন কোটিংটি দেখা যায়। এরপর সেটি সূর্যের আলোর নীচে রাখা হয়। সিলিকন প্লেটটি ইলেকট্রিক ওয়াইরের সাহায্যে ট্রান্সফর্মারের সঙ্গে যুক্ত করা হয়েছে। সেই ট্রান্সফর্মারের বিদ্যুৎ সঞ্চয় করে রাখা হয়। ’
প্রধানমন্ত্রীর অফিস থেকে রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগকে নির্দেশ দিয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখে তাদের বিস্তারিত রিপোর্ট জমা দিতে। দুন্ডির এই খবর গোটা দেশের নজর কেড়েছে। এরপর এপ্রিল ১২ তারিখ রাজ্য সরকারকে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেয় পিএমও।
দুন্ডি জানিয়েছেন, ‘আমি ৫০০ টাকার সিলিকন প্লেটিং থেকে বিদ্যুৎ উৎপাদন করে ট্রান্সফর্মারে জমা করার নতুন পদ্ধতি তৈরি করেছি। যদি পিএমও আমার উদ্ভাবনকে স্বীকৃতি দেয় তাহলে আমার জন্য অত্যন্ত গর্বের বিষয় হবে। ’
নোট বাতিলের পর বাতিল নোটকে কীভাবে কাজে লাগানো যাবে এই নিয়ে চিন্তা ভাবনা করতে গিয়ে বিদ্যুৎ তৈরির কথা তার মাথায় আসে। মাত্র ১৫ দিনের মধ্যে এই প্রজেক্টের ডাইনামিক্স তৈরি করতে সফল হয়েছিল সে। এখনও পর্যন্ত কেবল কলেজে সে এই প্রজেক্ট দেখিয়েছে। এরপর প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে তার প্রজেক্টের কথা জনিয়ে চিঠি লিছেছিল দুন্ডি।
২৩/০৫/২০১৭/ Choity.
























































