
পূর্বাশা ডেস্ক:
ত্রিদেশীয় সিরিজের প্রথম দুটি ম্যাচে বল হাতে দারুণ করেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তৃতীয় ম্যাচটাতেও বল হাতে শুরুটা দুর্দান্ত করলেন এই পেসার। নিজের প্রথম ওভারেই লুক রনকিকে ফিরিয়ে দিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগের ম্যাচটাতেও রনকিকে ফিরিয়েছিলেন মুস্তাফিজ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত এক উইকেটে ৮৪ রান করেছে নিউজিল্যান্ড। টম ল্যাথাম ৫০ রানে ব্যাটিং করছেন। অন্যদিকে নেইল ব্রুম ২৬ রানে অপরাজিত রয়েছে।
মুস্তাফিজের উইকেটটি নিয়ে এখন পর্যন্ত দুটি উইকেট নিতে পারতো টাইগাররা। তবে নাসির হোসেন সহজ ক্যাচ ছেড়ে দেয়ায় তেমনটি হয়নি। টস জিতে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের হয়ে প্রথম ওভারটি করেন মাশরাফি। টাইগার অধিনায়কের প্রথম দুটি বলে কোনো রান নিতে পানেননি কিউই অধিনায়ক টম ল্যাথাম। তৃতীয় বলটি কব্জির মোচড়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন ল্যাথাম। স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা নাসিরের হাতে পড়েছিল বলটা। তবে সহজ ক্যাচটি ধরে রাখতে পারেননি তিনি।
দ্বিতীয় ওভারে মুস্তাফিজের বলে উড়িয়ে মারতে গিয়ে সাকিব আল হাসানকে ক্যাচ দেন রনকি। আউট হওয়ার আগে ৫ বলে ২ রান করেন এই ব্যাটসম্যান।
সিরিজের বিবেচনায় আজকের ম্যাচটির কোনোই গুরুত্ব নেই। ক্রিকেটীয় পরিভাষায় যেটাকে বলা হবে ‘ডেড রাবার’। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বই বহন করে। সেই লড়াইয়ে শুরুতেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় শিরোপার লড়াই থেকে কিছুটা পিছিয়েই পড়েছিল বাংলাদেশ। আর টানা তিনটি ম্যাচ জিতে ট্রফি জয় নিশ্চিত হয়ে গেছে নিউজিল্যান্ডের। কিন্তু আজ কিউইদের হারাতে পারলে ওয়ানডে র্যাংকিংয়ের রেটিং পয়েন্ট বাড়িয়ে নিতে পারবে বাংলাদেশ। সেই সঙ্গে আছে বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে জয়ের হাতছানি। ফলে আজকের ম্যাচটি মোটেও গুরুত্বহীন না বাংলাদেশের জন্য।
২০১৬ সালের অক্টোবরের পর আবার বাংলাদেশের ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন নাসির হোসেন। সানজামুল ইসলামের জায়গায় দলে নেয়া হয়েছে ডানহাতি এই অলরাউন্ডারকে।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ : টম ল্যাথাম (অধিনায়ক), লুক রনকি, রস টেলর, নেইল ব্রুম, কলিন মুনরো, কোরি অ্যান্ডারসন, ম্যাট হেনরি, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, হামিশ বেনেট ও জিতান প্যাটেল।
পূর্বাশানিউজ/২৪-,মে ২০১৭/রুমকী
























































