
৩৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে এক পর্যায়ে ২৪৯ রানেই আট উইকেট হারিয়ে বসে পাকিস্তান। এসময় জয়ের সুবাতাস পেতে থাকা বাংলাদেশকে মুদ্রার উল্টো পিঠ দেখালেন পাকিস্তান জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা ফাহিম আশরাফ। বাঁ-হাতি এই লোয়ার অর্ডার ব্যাটসম্যানের ৩০ বলে ৬৪ রানের অতিমানবীয় ইনিংসের কাছেই দুই উইকেটের হারলো বাংলাদেশ।
ব্যাট হাতে অনুশীলনটা ভালোই সেরেছিলো বাংলাদেশ। তামিম ইকবালের সেঞ্চুরি, ইমরুল কায়েসের হাফ সেঞ্চুরির উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৩৪১ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে তিন বল বাকি থাকতেই দুই উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
৩৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপাকেই পড়ে সরফরাজ আহমেদের দল। পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে তাসকিনের বল আজহার আলীর ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে। উইকেটরক্ষক মুশফিকুর রহিম তার বিশ্বস্ত গ্লাভসে বলটি লুফে নিলে সাজঘরে ফেরেন আট রান করা আজহার।
এর পরের ওভারের দ্বিতীয় বলে আঘাত হানেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। তার বলেও উইকেটের পেছনে ক্যাচ লুফে নেন মুশফিক। এবারের শিকার বাবর আযম। আউট হওয়ার আগে তিন বল খেলে এক রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। সেখান থেকে দলের হাল ধরেন ওপেনার শেহজাদ ও হাফিজ। দু’জনের ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান।
তবে ব্যক্তিগত ৪৪ রানে সাকিবের বলে শেহজাদ বোল্ড হলে ভাঙ্গে তাদের ৫৯ রানের জুটি। শেহজাদ ফিরে গেলেও আরেক প্রান্ত আগলে রাখেন শোয়েব মালিক। এরপর ইমাদ ওয়াসিমকে সঙ্গে নিয়ে রানের চাকা বাড়াতে থাকেন ডানহাতি এই ব্যাটসম্যান। এই জুটিতে জয়ের স্বপ্নই দেখছিলো পাকিস্তান। এসময় ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ।
ব্যক্তিগত দ্বিতীয় ওভারে ফিরিয়ে দেন ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা শোয়েব মালিককে। আউট হওয়ার আগে ৬৬ বলে ছয় চার ও দুই ছক্কায় ৭২ রান করেন শোয়েব। স্কোরবোর্ডে আর ১৫ রান যোগ করতে রান আউটের শিকার হন শাদাব খান। ব্যক্তিগত ৪৫ রানে ইমাদ ওয়াসিম ডানহাতি স্পিনার মিরাজের দ্বিতীয় শিকার পরিণত হন।
পাকিস্তানের জয়ের জন্য তখনো ৪৪ বলে প্রয়োজন ৯২ রান। এসময় ঝড় তোলেন ফাহিম। ২৬ বলেই তুলে নেন হাফ সেঞ্চুরি। তাকে যোগ্য সঙ্গ দেন হাসান আলী। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন থাকে মাত্র ১৩ রানের। মাশরাফির করা শেষ ওভারের প্রথম তিন বল থেকেই এক ছয়, দৌড়ে তিন রান ও এক চারে জয়ের বন্দরে পৌঁছে যায় সরফরাজ আহমেদের দল। বাংলাদেশের হয়ে মিরাজ নেন দুই উইকেট। এছাড়া মাশরাফি, তাসকিন, শফিউল, তাসকিন ও সাকিব নেন একটিকরে উইকেট।
এর আগে, শুরুটা দেখে শুনেই করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য। প্রথম ছয় ওভার থেকে স্কোরবোর্ডে ২৭ রান যোগ করেন এই দুই বাঁ-হাতি ওপেনার। ভালো শুরুর পরও নিজের ইনিংসটি বড় করতে পারেননি সৌম্য। সাজঘরে ফিরে যান ব্যক্তিগত ১৯ রানেই। তবে সৌম্য ফিরে গেলেও দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ওপেনার তামিম ইকবাল। শুরুতে কিছুটা ধীর গতিতে খেললেও সৌম্য ফেরার পর খোলস ছেড়ে বেরিয়ে আসেন দেশ সেরা এই ওপেনার।
মাত্র ৩৯ বলেই দেখা পেয়েছিলেন হাফ সেঞ্চুরির। এরপর চার-ছক্কার ফুলঝুরিতে তামিম ইকবাল ইনিংসটাকে টেনে নেন সেঞ্চুরি পর্যন্ত। যদিও ১০২ রানেই থামে তামিমের ইনিংস। বাকি ব্যাটসম্যানরাও ঝালিয়ে নিয়েছেন নিজেদের ব্যাটিং। পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হয়ে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের ৩৪১ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। তামিম ১০২, ইমরুল ৬১, মুশফিক ৪৬, মাহমুদউল্লাহ ২৯, সাকিব ২৩, মোসাদ্দেক ২৬, সৌম্য ১৯ রান করেন। পাকিস্তানের হয়ে পেসার জুনায়েদ খান চারটি উইকেট নেন। এ ছাড়া লেগস্পিনার শাদাব খান ও পেসার হাসান আলী দুটি করে উইকেট নেন।
আগামী এক জুন ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। মূল লড়াইয়ে নামার আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ৩০ মে ভারতের বিপক্ষে মাঠে নামবে মাশরাফিবাহিনী।
পূর্বাশানিউজ/২৮-মে,২০১৭/রুমকী
























































