
বলিউডে এখন তারকা সন্তানদের জয়জয়কার। এখনো কৈশোর পেরোয়নি, এমন অনেক তারকা সন্তানেরাও আছে বলিউডে নাম লেখানোর অপেক্ষায়। আর সন্তান যদি হন বলিউডের কোনো মহাতারকার, তাহলে তাঁর প্রতি সবার আগ্রহ দ্বিগুণ হবে সেটাই স্বাভাবিক। শাহরুখ খানের পুত্র আরিয়ান ও মেয়ে সুহানাকে নিয়ে যেমন ভক্তদের আছে বাড়তি ঝোঁক। তবে, শাহরুখ-কন্যা সুহানা বলিউডে এলে যে বাবার নাম রাখবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শাবানা আজমির মতো শক্তিমান অভিনেত্রী যখন কারও অভিনয়ের প্রশংসা করেন, তখন কি আর তাঁর গুণ নিয়ে কোনো সন্দেহ থাকে?
আজ একটি টুইটে শাবানা আজমি সুহানার অভিনয়ের প্রশংসা করেন। সেখানে তিনি লিখেছেন, ‘শাহরুখ, তুমি আমার কথাটা লিখে রাখো। আমি বললাম, সুহানা খান একদিন সত্যিকার অর্থেই ভালো অভিনেত্রী হবে। আমি ওর অভিনয়ের ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখলাম, দুর্দান্ত। ঈশ্বর ওর মঙ্গল করুক।’
এ মাসেই ১৭-তে পা দিয়েছে শাহরুখ ও গৌরী খানের একমাত্র মেয়ে সুহানা। লন্ডনে পরিবারের সঙ্গে বেশ জমকালোভাবে জন্মদিন পালন করেছে সে। এ বছরেই স্কুলের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটক পরিবেশন করেন সুহানা। সে অভিনয়ের একটি ভিডিও দেখেই এ মন্তব্য করেছেন শাবানা আজমি। পিঙ্কভিলা।
পূর্বাশানিউজ/২৯-মে,২০১৭/রুমকী

























































