
মার্চে সুনীল গ্রোভারের সঙ্গে বিমানে কপিল শর্মার প্রকাশ্য ঝামেলা হয়। তার জেরে ‘দ্য কপিল শর্মা শো’ ছেড়ে বেরিয়ে যান সুনীল। এই ঘটনার পর থেকেই কপিলের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ে। কমতে থাকে ওই শো-এর টিআরপিও। চ্যানেল কর্তৃপক্ষ কপিলকে টিআরপি বাড়ানোর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন। এবার সেই চ্যালেঞ্জের মুখে অভিনব পথ বেছে নিলেন কপিল। নিজের শোতে বিমানে সুনীলের সঙ্গে ঝামেলাকেই থিম হিসেবে তুলে ধরলেন কপিল। পরিবেশন করলেন একটি জোক। এবারের পর্বে সেই জোক দেখেছেন দর্শক। শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিখর ধাওয়ান, হার্দিক পা-্য এবং সুরেশ রায়নার মতো জনপ্রিয় ক্রিকেটাররা। তাঁরাও কপিলের সেই জোক উপভোগ করেন। শো-এর সেটে একটি নকল বিমান তৈরি করা হয়। সেই বিমানে উঠেছে এক নবদম্পতি। তাঁরা মধুচন্দ্রিমায় যাবেন। কিন্তু বিমানে কোনও সুযোগসুবিধাই যে নেই। এতেই নবদম্পতি ও বিমানকর্মীদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। কিন্তু ট্র্যাভেল এজেন্ট কপিল শর্মাকে দেখা যায়, তিনি আলাদা বসে রয়েছেন। কোনওদিকে তাঁর দৃষ্টি নেই। সেই সময়ে কমেডিয়ান কিকু সারদা এয়ারহোস্টেসের বেশে কপিলের কাছে এসে বলেন, ওরা ঝগড়া করছে, আপনি চুপ করে আছেন কেন? জবাবে কপিল বলেন, আমি এখন বিমানের মধ্যে বসে কথা বলা ছেড়ে দিয়েছি। এতে হেসে ওঠেন সেটে উপস্থিত দর্শকরা।
পূর্বাশানিউজ/২৯-মে,২০১৭/রুমকী

























































