
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিসের জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের ঘোষণা দেন।
প্যারিস জলবায়ু চুক্তিতে ১৯৫ দেশ স্বাক্ষর করে এবং এই দেশগুলোর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে এই চুক্তির সঙ্গে থাকার জন্য অনুরোধ জানানো হয়। বিদেশী নেতারা, বিশ্বের বড় বড় ব্যবসায়ী এমনকি ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প এই চুক্তির পক্ষে থাকলেও শেষ পর্যন্ত এই চুক্তি বর্জনের সিদ্ধান্ত নেন ট্রাম্প।
ট্রাম্প জানান, ‘যুক্তরাষ্ট্রের এবং এখানে বসবাসরত সকল মার্কিনীকে রক্ষা করার জন্যে আমি প্যারিসের জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। তবে যুক্তরাষ্ট্রের পক্ষে ন্যায্য শর্ত দেওয়া হলে যুক্তরাষ্ট্র আবার এই চুক্তিতে স্বাক্ষর করবে।’
অন্যদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের কিছু সময় আগেও চীন এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এক যৌথ বিবৃতিতে প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে এগিয়ে যেতে তাদের সম্মতি জানিয়েছে। তারা এ চুক্তিকে ‘যেকোনো সময়ের চেয়ে বেশি অপরিহার্য’ বলে আখ্যা দিয়েছে। তারা এটি বাস্তবায়নে সর্বোচ্চ রাজনৈতিক অঙ্গীকারের প্রতি গুরুত্ব দিচ্ছে। চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াংও গতকাল বৃহস্পতিবার সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর দেশ প্যারিসে স্বাক্ষরিত বিশ্ব জলবায়ু চুক্তি বাস্তবায়নের ব্যাপারে নিজেদের প্রতিশ্রুতি পূরণে অটল থাকবে।
পূর্বাশানিউজ/০২-জুন,২০১৭/ফারজানা
























































