
আওয়ামী লীগ ঘরে বসে থাকার দল নয়। দুর্যোগ ও দুঃসময়ে এ দল জনগণের পাশে দাঁড়ায়। বিএনপি ঢাকায় বসে বড় গলায় কথা বলে, রাজনীতি করে। কিন্তু মানুষের দুঃসময়ে তাদের দেখা মেলে না। সড়ক ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল টেকনাফে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণকালে এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড় মোরায় সতর্কতা সংকেত জারির পর প্রধানমন্ত্রী বিদেশের মাটি থেকে সার্বক্ষণিক খবর রেখেছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় এখন আওয়ামী লীগের একাধিক টিম কাজ করছে। আওয়ামী লীগ তাদের পাশে থাকবে। ’ ওবায়দুল কাদের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরে তিনি শাহপরীর দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ ও নগদ টাকা বিতরণ করেন। ওবায়দুল কাদের ক্ষতিগ্রস্তদের তালিকা করে জরুরিভিত্তিতে পুনর্বাসনের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন। টিমে সফরসঙ্গী হিসেবে রয়েছেন আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, আবদুর রহমান, এ কে এম এনামুল হক শামীম, আক্তারুজ্জামান, সুভীর রায় নন্দী, আনোয়ার হোসেন, সেলিম রব্বানী সিনু প্রমুখ।
উপকূলে আওয়ামী লীগের ত্রাণসামগ্রী বিতরণ শুরু : দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কক্সবাজারে ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১২ সদস্যের টিম গতকাল দিনভর কক্সবাজারের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করেন। সকালে সেতুমন্ত্রী কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ায় ৬০০ পরিবারের মাঝে ১০ কেজি চাল ও নগদ ১ হাজার টাকা করে বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন। এ সময় ত্রাণের সঙ্গে প্রতিজনকে নগদ এক হাজার টাকা করে আর্থিক সহায়তাও দেওয়া হয়। এরপর আওয়ামী লীগের ১২ সদস্যের চারটি টিম ভাগ হয়ে কক্সবাজারের উপকূলীয় উপজেলা টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া ও পেকুয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৩২ মেট্রিক টন চাল ও নগদ অর্থ বিতরণ করেন। টেকনাফে শাহপরীরদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক হাজার পরিবারের মাঝে ২০ কেজি করে চাল, দুইশ পরিবারের মাঝে নগদ এক হাজার টাকা প্রদান করেন। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে ২০ কেজি করে চাল ও দুইশ পরিবারের মাঝে নগদ এক হাজার টাকা প্রদান করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে টিমে রয়েছেন মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, এনামুল হক শামীম, অসীম কুমার উকিল, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আখতারুজ্জামান, সুজিত রায় নন্দী, আনোয়ার হোসেন, রেমন্ড আরেং, বীর বাহাদুর, দিপংকর তালুকদার প্রমুখ। জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, আবদুর রহমান বদি এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপিসহ জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ কমিটিকে সার্বিক সহযোগিতা করছেন।
2017/06/03/ choity.

























































