
ম্যানচেস্টারে হামলার রেশ না কাটতেই আবারও সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হল যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। ব্রিটেনে নির্বাচনের মাত্র চারদিন আগে এ ‘সন্ত্রাসী’ হামলায় ঘটনা ঘটলো।
বিবিসি অনলাইন ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার সাপ্তাহিক ছুটির রাতে লন্ডন ব্রিজের সন্নিকটে হামলার ওই ঘটনা ঘটে। একই সঙ্গে কাছাকাছি দুটি স্থানে হামলায় নিহত হয়েছেন অন্তত ছয়জন, আহত হয়েছেন ২০ জন।
কর্তৃপক্ষ জানায়, রাতে লন্ডন ব্রিজে পথচারীদের ওপর দ্রুত গতির একটি ভ্যান উঠিয়ে দেয় সন্দেহভাজন সন্ত্রাসীরা। প্রায় একই সময়ে পার্শ্ববর্তী বারা মার্কেট এলাকায় কয়েক সন্দেহভাজন সন্ত্রাসী ছুরি নিয়ে সাধারণ লোকজনের ওপর হামলা চালায়।
এদিকে হামলার পর সন্দেহভাজন তিন হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়েছে বলে জানিয়েছেন, ব্রিটিশ পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের প্রধান মার্ক রাউলি।ঘটনার পর লন্ডন ব্রিজ ও পরে লন্ডন ব্রিজ রেল স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লন্ডনের কেন্দ্রে ব্যস্ত লন্ডন ব্রিজে পথচারীদের ওপর দ্রুত গতির একটি ভ্যান উঠিয়ে দেয় সন্দেহভাজন হামলাকারীরা। একই সময়ে লন্ডন ব্রিজের কাছে বারো মার্কেট এলাকায় ছুরি হাতে সাধারণ মানুষের ওপর হামলার ঘটনাও ঘটেছে। বারো মার্কেট এলাকায় অনেক রেস্তোঁরা ও বার রয়েছে। ঘটনার সময় লন্ডন ব্রিজে অবস্থানরত বিবিসির এক সাংবাদিক জানান, একজন পুরুষ ‘ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার গতিতে’ গাড়িটি চালাচ্ছিল। লন্ডনে সর্বশেষ এ হামলার ঘটানাকে ভয়াবহ হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে। লন্ডনের মেয়র সাদিক খানও এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে একটি পরিকল্পিত হামলা হিসেবে উল্লেখ করেছেন। এদিকে লন্ডনের সন্ত্রাসী হামলাকে কাপুরুষোচিত আখ্যায়িত করে এর তীব্র নিন্দা করেছে যুক্তরাষ্ট্রও।
উল্লেখ্য, গত মার্চের পর থেকে এটি লন্ডনে তৃতীয় সন্ত্রাসী হামলার ঘটনা।
পূর্বাশানিউজ/০৪-জুন,২০১৭/রুমকী
























































