শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পরমাণু-ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে এক ইঞ্চিও সরবে না উ. কোরিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে উত্তর কোরিয়া বলেছে, পিয়ংইয়ং পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখবে। গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার কয়েকটি কোম্পানি ও কয়েকজন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ সম্পর্কে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, “আমরা দেশের সার্বভৌমত্ব ও জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য পরমাণু শক্তি গড়ে তোলার যে কর্মসূচি হাতে নিয়েছি তা থেকে কোনোভাবেই এক ইঞ্চি পরিমাণ সরে আসব না, বরং চূড়ান্ত বিজয়ের জন্য সামনে এগিয়ে যাব।”

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এ বিবৃতি প্রকাশ করেছে। এতে আরো বলা হয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি আটকে দেয়ার জন্য এবং দেশের অর্থনীতিকে শ্বাসরুদ্ধ করার লক্ষ্যে শত্রুতামূলক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার ১৪ ব্যক্তির ওপর আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয় এবং তাদের সম্পদ জব্দ করার কথা বলা হয়েছে। এর মধ্যে উত্তর কোরিয়ার গোয়েন্দা প্রধান ও পরমাণু কর্মসূচির সাথে জড়িত চার ব্যক্তি রয়েছেন।

পূর্বাশানিউজ/০৫-,জুন ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি