
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন এই ছবিটির জন্য। কবে মুক্তি পাবে ছবিটি তা জানার জন্য ইতিমধ্যেই ছবির প্রযোজকের সঙ্গে মোদী যোগাযোগও করেছেন বলে খবর।
কী সেই ছবি যার জন্য অপেক্ষা করছেন খোদ প্রধানমন্ত্রী?
সেটি হল মালয়ালি সুপারস্টার মোহনলালের ড্রিম প্রজেক্ট ‘দ্য মহাভারত’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ছবির প্রযোজক বি আর শেট্টিকে একটি চিঠি লিখেছেন বলেও জানা গিয়েছে। যেখানে এই ছবি তৈরিতে শেট্টিকে পূর্ণ সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।
জানা গিয়েছে, এই ছবির প্রযোজনা সংস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন। প্রধানমন্ত্রীর দফতর সেই চিঠির উত্তরে দেখা করার সম্মতি দিয়ে সাহায্যের আশ্বাস দেয়। বিশ্বের বিভিন্ন ভাষায় নির্মিত হবে ‘দ্য মহাভারত’।
ভারতীয় সিনেমার ইতিহাসে এটিই সবচেয়ে বড় বাজেটের ছবি হতে যাচ্ছে। আরব আমিরশাহির ভারতীয় ব্যবসায়ী বি আর শেট্টি ‘দ্য মহাভারত’ তৈরির জন্য প্রায় হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছেন। পরিচালক ভি এ শ্রীকুমার মেননের নির্দেশনায় এই ছবি তৈরি হবে দু’টি পর্বে। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে শুরু হবে শুটিং। ছবির প্রথম ভাগটি ২০২০ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ভাগটি তার ৯০ দিন পর। প্রযোজক জানিয়েছেন, এই ছবিতে বহু নামজাদা ভারতীয় এবং বিদেশি অভিনেতা-অভিনেত্রীকেও দেখা যাবে।
পূর্বাশানিউজ/০৬-জুন,২০১৭/রুমকী
























































