শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় পুলিশ-ডাকাত গুলি বিনিময়, আহত ৫


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে সশস্ত্র ডাকাতদলের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ পাঁচ ডাকাতসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে এলজিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার দিনগত রাত দেড়টার দিকে জেলার মুরাদনগর-ঢাকা রোডের ছালিয়াকান্দি ইউনিয়নের বোরার চর এলাকায় এ ঘটনা ঘটে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান জানান, গভীর রাতে বোরার চর ব্রিজের কাছে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে টহল পুলিশ সেখানে যায়। এ সময় সশস্ত্র ডাকাত দলের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে ৫ ডাকাত গুলিবিদ্ধ হওয়াসহ ২ পুলিশ সদস্য আহত হয়েছে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ৫ ডাকাতসহ ৭ ডাকাতকে আটক করেছে। এ সময় ডাকাতদের কাছ থেকে ২ এলজি, চাইনিজ কুড়ালসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আহত ডাকাতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমেক হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।

পূর্বাশানিউজ/১১,জুন ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি