
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তাদের বেশিরভাগই আর আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন না। আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ কারণে দলের প্রার্থী তালিকার খসড়া চূড়ান্ত করতে কাজ চলছে।
আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা জানা গেছে, আগামী নির্বাচন যে জমজমাট প্রতিদ্বন্দ্বিতামূলক হতে যাচ্ছে তার আভাস এখনই পাওয়া যাচ্ছে। কিন্তু দশম জাতীয় সংসদের ১৫৩ জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে অনেকেরই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিজ্ঞতা নেই। আগামী নির্বাচনে তাদের মনোনয়ন দেয়া হবে না।
গত ৭ মে আওয়ামী লীগের সংসদীয় কমিটির বৈঠকে দলীয় সভাপতি শেখ হাসিনা বলেন, “২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অনেকে এমপি হয়েছেন, যাদের নির্বাচন করার অভিজ্ঞতা নেই। নির্বাচন না করেই এমপি হয়েছেন। এবার মনোনয়নের ক্ষেত্রে নির্বাচন করার অভিজ্ঞতা যাদের আছে তাদের প্রাধান্য দেয়া হবে।”
তবে বিনা ভোটে এমপি হওয়ার পর ভালো করেছেন, এমন এমপিদের বাদ না দেয়ারও ইঙ্গিত দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচতিদের মধ্যে থেকে নুরুজ্জামান আহমেদ (লালমনিরহাট-২), মো. হাবিবুর রহমান (বগুড়া-৫), এনামুল হক (রাজশাহী-৪), শামসুর রহমান শরীফ (পাবনা-৪), জাহিদ মালেক (মানিকগঞ্জ-৩), নিজাম উদ্দিন হাজারী (ফেনী-২), মীর শওকত আলী বাদশা (বাগেরহাট-২), আ.ফ.ম রুহুল হক (সাতক্ষীরা-৩), এ কে এম এ আউয়াল (পিরোজপুর-১), আমানুর রহমান খান রানা (টাংগাইল-৩), রেবেকা মমিন (নেত্রকোণা-৪) আরো বেশকিছু এমপি আগামীতে মনোনয় বঞ্চিত হতে পারেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, “আগামী নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করবেন শেখ হাসিনা। নেতাকর্মীবান্ধব, গুড ইমেজ, দক্ষ সংগঠক, শিক্ষা-সততা ও নিষ্ঠাবান নেতাকেই মনোনয়ন দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন তিনি।”
তিনি আরো বলেন, “এসব যোগ্যতার পাশাপাশি এবার দলীয় সাংগঠনিক সম্পাদকের রিপোর্ট, বিভিন্ন সংস্থার জরিপের রিপোর্টের ওপর নির্ভর করে প্রার্থী বাছাই করার হবে। বিভিন্ন সংস্থার রিপোর্টগুলো এখন থেকে পর্যালোচনার কাজ চলছে।”
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, “আগামী নির্বাচনে আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রার্থী বাচাই করা। সে কাজটি আমরা এখন থেকেই বিভিন্ন মাধ্যমে শুরু করেছি। এবার গুড ইমেজের পাশাপাশি অভিজ্ঞতাকে প্রাধান্য দেয়া হবে।”
তিনি আরো বলেন, “আগামীতে কাকে মনোনয়ন দেয়া হবে আর কাকে দেয়া হবে না, তা নিয়ে কাজ করছেন সভাপতি শেখ হাসিনা। এছাড়া আমাদের অভিজ্ঞ পার্লামেন্টারি বোর্ড তো আছেই। আগামী নির্বাচনে জয়ী হতে আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করা হয়েছে। যেসব জেলায় আওয়ামী লীগের প্রার্থীদের অবস্থা ভালো না, সেখানকার ভোটারদের মন নৌকার দিকে ফিরিয়ে আনতে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশকিছু গুরুত্বপূর্ণ জেলা সফর করেছেন।”

























































