
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সাবেক একজন রাষ্ট্রীয় আইনজীবী প্রিট ভারারা বলছেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে অস্বাভাবিক কয়েকটি ফোন কল পাওয়ার পর বরখাস্ত হয়েছেন।
এবিসি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে প্রিট ভারারা বলেন, ফোন কলগুলো দেশটির নির্বাহী বিভাগ থেকে অপরাধ তদন্ত বিভাগের স্বাধীনতার সীমা লঙ্ঘন করছিলো। তৃতীয় ‘ফোন কল’ প্রত্যাখ্যান করার পরই তিনি বরখাস্ত হয়েছেন বলেও জানান তিনি। প্রিট ভারার এমন মন্তব্যের পর এখন পর্যন্ত হোয়াইট হাউজের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রিট ভারারা ওবামার নিয়োগপ্রাপ্ত আইনজীবী ছিলেন। যিনি ম্যানহাটানের শীর্ষ রাষ্ট্রীয় আইনজীবী হিসেবে কাজ করে গেছেন। ভারারা বলছেন, ২০১৬ সালের শেষের দিকে তাদের দুজনের সাক্ষাত হবার পর থেকে এ কারণেই ট্রাম্প আলাদা সম্পর্ক স্থাপনের চেষ্টা করছিলো।
ভারারার বলছেন, প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর কোনো আইনজীবীর সঙ্গে কোনো ধরনের আলাদা সম্পর্ক গড়ে তোলা ‘অসঙ্গত’ বা ‘অনুচিত’। অথচ গত সাড়ে সাত বছরে প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে একটি ফোনও করেননি। বিচার ব্যবস্থাকে ঘনিষ্ঠ যোগাযোগ বা সম্পর্ক এড়িয়ে চলাই নিয়ম বলেও মন্তব্য করেন ভারারা।
প্রিট ভারারার এই সাক্ষাৎকারের মাত্র ক’দিন আগেই সাবেক এফবি আই প্রধান জেমস কোমি মার্কিন কংগ্রেসের এক শুনানিতে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ‘আনুগত্য’ চেয়েছিলেন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এটি অস্বীকার করেছেন এবং গোপন কথোপথন প্রকাশ করে কোমি ‘কাপুরোষোচিত’ কাজ করেছেন বলে উল্লেখ করেন ট্রাম্প।
























































