
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্যরা বেসবল খেলার সময় বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকান পার্টির হুইপ স্টিভ স্কেলিস রয়েছেন বলে তার এক সহকর্মী জানিয়েছেন।
ওয়াশিংটন ডিসির কাছে অ্যালেক্সান্ড্রিয়ায় বুধবার সকালে ওই হামলার পর ঘটনাস্থল থেকে আহত পাঁচজনকে উদ্ধার করে নেয়া হয়েছে বলে শহরের পুলিশ প্রধান মাইকেল ব্রাউন সাংবাদিকদের জানিয়েছেন। আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্য বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নিরাপত্তাকর্মীদের ছোড়া পাল্টা গুলিতে হামলাকারী নিহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। হামলাকারী ইলিনয়ের বাসিন্দা জেমস টি হজকিনসনকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
ঘটনার বিবরণ দিয়ে আলাবামা থেকে নির্বাচিত হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য মো ব্রুকস সিএনএনকে বলেন, ডেমোক্রেটদের বিপক্ষে চলতি সপ্তাহে অনুষ্ঠেয় খেলা উপলক্ষে সকালে তারা প্র্যাকটিস করছিলেন। হঠাৎ একজন ব্যক্তি রাইফেল দিয়ে গুলিবর্ষণ শুরু করে। তিনি তাকে একনজর দেখেছেন। তাকে শ্বেতাঙ্গ মনে হয়েছে।
ব্রুকস বলেন, ‘সেখানে ৫০ থেকে ১০০টি গুলিবর্ষণ হয়েছে। আমি দ্বিতীয় বেসের কাছ থেকে স্টিভ স্কেলিসের আর্তনাদ শুনেছি। তার গুলি লেগেছে।’
হামলাকারীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় জানিয়ে তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তায় নিয়োজিতদের একজন পাল্টা গুলি ছোড়ে। কিন্তু গুলিবর্ষণকারীর রাইফেলের বিপরীতে আমাদেরটা ছিল পিস্তল।
‘আমার কাছে একমাত্র অস্ত্র ছিল একটি বেসবল ব্যাট।’
ঘটনার সময় ওই বেসবল ফিল্ডে টিমের ২০ থেকে ২৫ জন সদস্য প্র্যাকটিস করছিলেন। স্কেলিসের বাঁ নিতম্বে গুলি লেগেছে বলে রিপাবলিকান সিনেটর জেফ ফ্লেক জানিয়েছেন।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেন, তিনি ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ঘটনার প্রতি নজর রাখছেন।
এক টুইটে তিনি লিখেছেন, স্কেলিস, ‘একজন সত্যিকারের বন্ধু ও দেশপ্রেমিক, গুরুতর জখম হয়েছেন। তবে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। তার জন্য আমাদের প্রার্থনা রয়েছে।’
























































