শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘নৌকা যে ডুবে গেছে, বুঝতে পারছেন না’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘নিজেরা হেলিকপ্টারে বিভিন্ন জায়গায় উদ্বোধনের নামে যাচ্ছেন, কিছু উদ্বোধন করছেন। আর সেখানে নির্বাচনী ক্যাম্পেইনের নামে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন। নৌকা যে ডুবে গেছে- এটা বুঝতে পারছেন না। এই নৌকা ডুবে গেছে, এই নৌকাকে আর আপনার হাজার লোক দিয়েও টেনে তুলতে পারবেন না।’

শনিবার সদ্যপ্রয়াত জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের স্মরণসভায় এ কথা বলেন তিনি। রাজধানীর গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে স্মরণসভার আয়োজন করা হয়।

খালেদা জিয়া বলেন, ‘নৌকার সঙ্গে যাদের রেখেছেন, আশ-পাশে যারা আছে, আপনার ডানে-বায়ে যারা আছে, যারা অন্য দল করে আপনার দলে এসেছে- তারা কী জিনিস? আপনি কিন্তু নিজেই বলে দিয়েছেন তারা কী খায়, কী রকম তাদের লাইফস্টাইল। এসব লোককে দিয়ে দেশের কিছু হবে না, এরা দেশের কিছু করতে পারে না। আপনিও পারবেন না।’

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে দাবি পুনর্ব্যক্ত করে বিএনপি প্রধান বলেন, ‘আমি বলব একটা নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনুন। সেই নির্বাচন হতে হবে সহায়ক সরকারের অধীনে, হাসিনার অধীনে এদেশে কোনো নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। কোনো দল অংশগ্রহণ করবে না। হাসিনাকে বাদ দিতেই হবে, ক্ষমতা থেকে সরে দাঁড়াতেই হবে।’

আগামীতে সহায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সেই নির্বাচনে প্রত্যেক ভোটার ভোট দিতে যাবে। সকলে এটা চায়, সারা পৃথিবীর মানুষ এটা চায়। ইনশাল্লাহ বাংলাদেশে এই নির্বাচন হবে।’

তিনি বলেন, ‘সেই নির্বাচনের ফলাফল আপনারা বুঝতে পারবেন। ইনশাল্লাহ বিএনপি ও ২০ দলীয় জোট জিতে এসে এদেশের মানুষকে যা যা ওয়াদা করেছি আমরা আমাদের ভিশন ২০৩০-এ, সব কিছু করবো। আরো কিছু করার আছে, সেটাও করব।’

তিনি আরও বরলেন, ‘সামনে ঈদ। এই ঈদের মানুষ দেশে যায়। দেখেছেন রাস্তাঘাটের যে দুরাবস্থা। গতকাল পত্রিকায় ছবি দিয়েছে পাঁচ ঘন্টার রাস্তা দিয়ে ১০ ঘন্টায় অতিক্রম করতে হচ্ছে। আর যানজট থাকলে ১৫-২০ ঘন্টা লেগে যায়। গাড়ীতে যাত্রীদের কী দুরাবস্থার মধ্যে থাকতে হচ্ছে।’

পাবর্ত্য জেলায় পাহাড়ধসের পর পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতার সমালোচনা করে তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে যেভাবে ভূমিধসে মানুষগুলো মারা গেল, তাদের উদ্ধার করা, তাদের পুনঃবাসনে বর্তমান সরকারের কোনো চিন্তাভাবনা আমরা দেখছি না, কোনো দায়িত্ববোধও দেখছি না।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘জনগণের নয়, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী বিদেশ ভ্রমণে ব্যস্ত। যেখানে চট্টগ্রামের রাঙামাটিতে ১০টা কত মিনিটে ঘটনা ঘটলো, সেটা জানার পরও বেলা ১২টায় হাসিনা দেশত্যাগ করলেন। কেন? দেশে এতো বড় ঘটনা, এখন পর্যন্ত ১৫২ জন মারা গেছে, আরো হয়ত মারা যাবে কিংবা অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না। এতো বড় ঘটনার পর প্রধানমন্ত্রী কীভাবে বিদেশে যান। এটা কী জনগণের প্রতি তার (শেখ হাসিনা) দায়িত্ববোধ? আজকে(শনিবার) তিনি দেশে ফিরেছেন। এসে  মায়াকান্না দেখবেন হয়ত।’

চালের মূল্য বৃদ্ধির প্রসঙ্গ টেনে খালেদা জিয়া বলেন, ‘চালের দাম যে এতো বৃদ্ধি হয়েছে তার জন্য কোনো ব্যবস্থা নিতে পারছে না সরকার। কেন ব্যবস্থা নেয়া হচ্ছে না? সবচেয়ে নিম্নমানের মোটা চালের দাম হলো ৫০ টাকা কেজি।  এছাড়া সব জিনিসের দাম বেড়েছে। বিদ্যুৎ-গ্যাস-পানির দাম বেড়েছে।’

বাজেটের সমালোচনা করে  তিনি বলেন, ‘বাজেটে কর বাড়িয়েছে, ভ্যাটের পরিধি বাড়িয়েছে। যে ১৫% ভ্যাট প্রস্তাব করেছে, সেটার কোনো প্রয়োজন নাই। ব্যাংকের এক লাখ টাকা জমা রাখলে সেখানে ৮০০ টাকা কেটে নিয়ে যাবে। কেন মানুষের অর্থ থেকে এ টাকা কাটছে?’

প্রয়াত শফিউল আলম প্রধানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনও করেন ২০ দলীয় জোট প্রধান খালেদা জিয়া।  গত ২১ মে মারা যান প্রধান । মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে খালেদা জিয়াসহ জোট নেতারা মোনাজাতে অংশ নেন।

জাগপার সভানেত্রী রেহানা প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় জোট নেতাদের মধ্যে অংশ নেন- জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামীর আবদুল হালিম, এলডিপির রেদোয়ান আহমেদ, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপের জেবেল রহমান গানি, খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের, এনডিপির খোন্দকার গোলাম মোর্ত্তাজা, পিপলস লীগের গরীবে নেওয়াজ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এমএ রকীব, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিন প্রমুখ।

২০ দলীয় জোটের শরিক মুসলিম লীগের শেখ জুলফিকার চৌধুরী বুলবুল, সাম্যবাদী দলের সাঈদ আহমেদও উপস্থিত ছিলেন।

পূর্বাশানিউজ/১৮-জুন,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি